মোদী সরকারের কড়া পদক্ষেপ! মার্কিন সফরে যাওয়ার অনুমতি পেলেন না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি

বিদেশ সফরে গিয়ে বড় ধাক খেলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি। মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে প্রয়োজনীয় রাজনৈতিক অনুমতি বা পলিটিক্যাল ক্লিয়ারেন্স না পাওয়ায় তাঁর পূর্বনির্ধারিত আমেরিকা সফর বাতিল হয়ে গেছে। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন এবং অনুমতি না মেলায় সফর অসমাপ্ত রেখেই আগামী রবিবার সোজা হায়দরাবাদে ফিরে আসছেন।

কী কারণে বাতিল হলো সফর?
কংগ্রেস শাসিত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী গত সপ্তাহে ব্রিটেন ও আমেরিকা সফরের উদ্দেশ্যে রাজ্য ছেড়েছিলেন। শুক্রবার তাঁর লন্ডন থেকে নিউইয়র্কে যাওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, নিউইয়র্কে বেশ কয়েকটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর বৈঠক করার কথা ছিল। তেলেঙ্গানায় ওই সব শিক্ষা প্রতিষ্ঠানের শাখা খোলার লক্ষ্য নিয়েই এই পরিকল্পনা এগোচ্ছিল রাজ্য সরকার। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেও দিল্লির তরফ থেকে কোনও অনুমোদন মেলেনি। তবে ঠিক কী কারণে এই মার্কিন সফর আটকে দেওয়া হলো, সে বিষয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি। নিয়মানুযায়ী, দেশের মন্ত্রী ও মুখ্যমন্ত্রীদের যে কোনো বিদেশ সফরের জন্যই কেন্দ্র সরকারের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক।

অবিজেপি মুখ্যমন্ত্রীদের বিদেশ সফর আটকালেন কেন্দ্র?
রাজনৈতিক মহলের একাংশের মতে, মোদী সরকারের পক্ষ থেকে এই ধরনের অবিজেপি মুখ্যমন্ত্রীদের বিদেশ সফর আটকে দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। এর আগেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিদেশ যাত্রায় অনুমতি দেয়নি কেন্দ্র। সেই একই তালিকায় এবার যুক্ত হলো তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডির নাম। এছাড়া পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকেও অতীতে এই ধরনের পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। আপাতত দিল্লির এই সিদ্ধান্তের পর তেলেঙ্গানা সরকারের পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *