শুটিং শেষের সেলিব্রেশনে ক্যামেরার সামনে একে অপরকে কেক খাওয়াচ্ছেন দেব-শুভশ্রী! ফের জোয়ার পুরনো প্রেমে?

টলিউডের একসময়ের সবচেয়ে চর্চিত জুটির নস্ট্যালজিয়া যেন কিছুতেই কাটছে না। একের পর এক ঘটনা ও চমকে অনুরাগীদের নস্ট্যালজিক করে তুলছেন দেব ও শুভশ্রী। এবার ‘দেশু ৭’-এর (দেব-শুভশ্রী জুটির সপ্তম ছবি) শুটিং শেষের সেলিব্রেশনে ফের একবার দর্শকদের চরম চমক দিলেন এই জুটি। শুটিং শেষ হওয়ার আনন্দ সেলিব্রেট করতে গিয়ে একে অপরকে নিজহাতে কেক খাইয়ে দিলেন তাঁরা, আর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন করে শোরগোল।
অনেকেই বলতে শুরু করেছেন, তবে কি পর্দায় ফিরছে সেই ‘পুরনো প্রেম’? আর কেক কাটার ওই মুহূর্তে দেবের হাতে কেক খাওয়া ও পাল্টা দেবকে কেক খাইয়ে দেওয়ার দৃশ্য সেই গুঞ্জনে যেন আরও একটু ঘি ঢেলে দিয়েছে। কেক কাটার সময় টিমকে উদ্দেশ্য করে শুভশ্রীকে বলতে শোনা যায়, “এটা তোমাদের সবার ছবি।” তাঁদের এই রসায়ন ও রিইউনিয়ন নিয়ে নেটপাড়ায় এখন চলছে জোর চর্চা।
আসন্ন পুজোতেই বড় পর্দায় ম্যাজিক নিয়ে আসছে দেব-শুভশ্রীর এই বহু প্রতীক্ষিত সপ্তম ছবি। এর আগেই পরিচালকের উদ্দেশে নায়িকার খোলা চিঠি লেখার পর থেকেই দর্শকদের উন্মাদনা তুঙ্গে পৌঁছেছিল। এবার এই কেক কাটার মিষ্টি মুহূর্ত প্রকাশ্যে আসার পর থেকে ছবিটির জন্য অনুরাগীদের অপেক্ষা যেন দ্বিগুণ হয়ে গেছে। পুজোয় এই জুটি বক্স অফিসে ঠিক কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।