আরামবাগের দীর্ঘদিনের বন্যা সমস্যা মেটাতে ১২০০ কোটির মাস্টারপ্ল্যান, ডিসেম্বরেই শুরু কাজ

রাজ্যের বন্যা পরিস্থিতি মোকাবিলায় এবার ঘাটাল মাস্টারপ্ল্যানের ধাঁচে বড় পদক্ষেপ করল প্রশাসন। হুগলির আরামবাগের দীর্ঘদিনের বন্যা সমস্যা দূর করতে প্রায় বারোশো কোটি টাকার একটি পৃথক মাস্টারপ্ল্যান তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি আরামবাগ মহকুমা শাসকের দফতরে একটি উচ্চপর্যায়ে প্রশাসনিক বৈঠক হয়। সেই বৈঠকের পরই এই বিশাল প্রকল্পের রূপরেখা স্পষ্ট হয়।
প্রশাসন সূত্রে খবর, চলতি বছরের ডিসেম্বর মাস থেকেই এই প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা রয়েছে। পাশাপাশি, আগামী দুই বছরের মধ্যে অর্থাৎ ২০২৭ সালের শেষের মধ্যেই এই মাস্টারপ্ল্যান্ডের সমস্ত কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সেচ দফতর। দীর্ঘদিন ধরে এই অঞ্চলের মানুষ প্রতি বছর বর্ষার মরসুমে জলের তলায় চলে যাওয়ার যন্ত্রণার শিকার হন। নতুন এই প্রকল্পের ঘোষণা হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ও খুশির হাওয়া দেখা দিয়েছে।
এদিনের প্রশাসনিক বৈঠকে এলাকার অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন নিয়েও বিশদ আলোচনা হয়েছে। এর মধ্যে আরামবাগকে নতুন জেলা হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া এবং তার দ্রুত আপডেট নিয়েও কথা বলেছেন প্রশাসনিক কর্তারা। এছাড়া একাধিক গুরুত্বপূর্ণ সেতু কংক্রিট করার পাশাপাশি আরামবাগ সেতু নিয়ে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। ঐতিহাসিক রাজা রামমোহন রায়ের জন্মস্থান সংস্কারের বিষয়েও বিশেষ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মুখ্যমন্ত্রীর একটি সাংবাদিক বৈঠক করার কথা থাকলেও শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। সেই সময় রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আগমন এবং উত্তরবঙ্গে দুই নেতার পূর্বনির্ধারিত বৈঠকের ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রী আরামবাগ থেকে সরাসরি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন। স্থানীয় মহলে আশা করা হচ্ছে, এই মাস্টারপ্ল্যান পুরোপুরি বাস্তবায়িত হলে আরামবাগ ও এর পার্শ্ববর্তী এলাকার মানচিত্রটাই বদলে যাবে এবং চিরতরে ঘুচবে বানভাসি দুর্দশা।