গ্যালারিতে হাজার হাজার ছবি? এবার ম্যাপ দেখেই খুঁজে পাবেন পছন্দের স্মৃতি, গুগল নিয়ে আসছে নতুন চমক!

বেড়াতে গিয়ে প্রচুর ছবি তুলেছেন, কিন্তু এখন গ্যালারির হাজারো ছবির ভিড়ে নির্দিষ্ট সেই বিশেষ মুহূর্তটি খুঁজে পাচ্ছেন না? এমন অভিজ্ঞতা কমবেশি আমাদের সবারই হয়। তবে এবার সেই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে আসছে গুগল। খুব শীঘ্রই গুগল ফটোজের ‘আস্ক ফটোজ’ (Ask Photos) ফিচারে যুক্ত হতে পারে এক নতুন লোকেশন-ভিত্তিক ম্যাপ ফিচার।
সম্প্রতি অ্যান্ড্রয়েড অথরিটি-র একটি প্রতিবেদনে গুগল ফটোজের ৭.৮৯.০.৯৬৬৩১৯৮১৯ ভার্সনে এই নতুন ফিচারের সন্ধান পাওয়া গিয়েছে। বর্তমানে ‘আস্ক ফটোজ’-এর মাধ্যমে ছবি বা ভিডিয়ো সার্চ করার সুবিধা থাকলেও, নতুন এই ম্যাপ ফিচারটি যুক্ত হলে ব্যবহারকারীরা আরও সহজে তাঁদের তোলা ছবি খুঁজে পাবেন।
কীভাবে কাজ করবে এই নতুন ফিচার? রিপোর্ট অনুযায়ী, গুগল ফটোজের নতুন এই ফিচারে লোকেশন সার্চ করার সময় একটি নির্দিষ্ট ‘ম্যাপ’ অপশন দেখা যাবে। ব্যবহারকারী যখনই কোনো জায়গার নাম টাইপ করবেন বা ম্যাপে নির্দিষ্ট লোকেশন খুঁজবেন, তখনই সেই স্থানে তোলা সমস্ত ছবি স্বয়ংক্রিয়ভাবে ম্যাপের ওপর ভেসে উঠবে।
সহজ কথায়, আপনি ধরুন বছরের বিভিন্ন সময়ে দিঘা, সুন্দরবন বা কেরলে গিয়েছেন। এখন কোনো একটি বিশেষ ছবির কথা আপনার মনে পড়লেও সেটি কোথায় তুলেছেন তা মনে করতে পারছেন না। নতুন এই ফিচারে ম্যাপ অপশনে গিয়ে আপনি সহজেই দেখে নিতে পারবেন কোথায় কোথায় আপনি গিয়েছিলেন। ম্যাপে ছবিগুলো ‘ক্লাস্টার’ বা নম্বর যুক্ত গ্রুপ হিসেবে থাকবে। ম্যাপ জুম করে নির্দিষ্ট ক্লাস্টারে ট্যাপ করলেই সেই জায়গায় তোলা ছবিগুলো স্ক্রিনে ফুটে উঠবে। প্রয়োজনে ম্যাপটি আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য একটি রিফ্রেশ বাটনও থাকতে পারে।
কবে আসছে এই ফিচার? গুগল এখনও আনুষ্ঠানিকভাবে এই ফিচারটি সম্পর্কে কোনো ঘোষণা করেনি। বর্তমানে এটি সম্পূর্ণ পরীক্ষামূলক বা টেস্টিং পর্যায়ে রয়েছে। তাই ফিচারটি কবে নাগাদ সাধারণ ব্যবহারকারীদের জন্য লঞ্চ হবে বা শেষ পর্যন্ত এটি চূড়ান্তভাবে যুক্ত করা হবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। তবে এই ফিচারটি চালু হলে স্মার্টফোনের গ্যালারি ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে এটি এক যুগান্তকারী পরিবর্তন আনবে, তা বলার অপেক্ষা রাখে না।