ইস্পাত কারখানায় ভয়ানক বিস্ফোরণ, আগুনে ঝলসে জখম ৩ শ্রমিক

বাঁকুড়ার বড়জোড়ার ঘুটগোড়িয়া শিল্প তালুকের একটি স্পঞ্জ আয়রন কারখানায় বৃহস্পতিবার ভোরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন কারখানার কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের প্রথমে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এবং পরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ কারখানার ফার্নেসে লোহা গলানোর কাজ চলার সময় আচমকা ব্লাস্ট হয়। শ্রমিকদের অভিযোগ, ইস্পাত গলানোর মেশিনের তলা থেকে গ্যাস লিক করছিল। ফার্নেস থেকে গলিত লোহা ছিটকে সরাসরি ওই তিন শ্রমিকের গায়ে এসে পড়ায় তাঁরা মারাত্মকভাবে দগ্ধ হন। আহত কর্মীরা হলেন জীবন ঘোষ বাউড়ি, শিবশঙ্কর রায় এবং রাজেশ কুমার সিং।
এই দুর্ঘটনার পরেই কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, কারখানার অন্দরে পর্যাপ্ত সেফটি প্রোটোকল মানা হয় না এবং জরুরি চিকিৎসার জন্য কারখানার নিজস্ব অ্যাম্বুল্যান্স পর্যন্ত ছিল না। এর আগেও এই কারখানায় একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তারা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে কারখানার ম্যানেজমেন্টের দাবি, নিয়ম মেনে এবং সমস্ত সুরক্ষা বিধি মেনেই কারখানা পরিচালনা করা হয়। ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।