একই ফ্রেমে রণবীর-দীপিকা-আলিয়া! ‘ব্রহ্মাস্ত্র ২’-এর কাস্টিংয়ে বড় চমক আনছেন অয়ন?

বলিউডের পর্দায় রণবীর কাপুর এবং দীপিকা পাড়ুকোনের রসায়ন মানেই দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ কিংবা ‘তামাশা’ ছবির সেই ম্যাজিক আজও ভক্তদের মনে তাজা। এবার সেই জুটিকে ঘিরেই নতুন করে জল্পনা শুরু হয়েছে বলিপাড়ায়। গুঞ্জন শোনা যাচ্ছে, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের অত্যন্ত প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র ২’-তে রণবীর ও আলিয়া ভাটের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন স্বয়ং দীপিকা!

২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’ বিশ্বজুড়ে প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করে বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। ছবিতে অমিতাভ বচ্চন, মৌনী রায় ও নাগার্জুনের পাশাপাশি শাহরুখ খানের ক্যামিও দারুণ সাড়া ফেলেছিল। সেই সাফল্যের পরই দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ছবির দ্বিতীয় পর্বের জন্য।

ছবির অন্দরের খবর অনুযায়ী, ‘ব্রহ্মাস্ত্র ২’-তে ‘অমৃতা’ নামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নারী চরিত্র রয়েছে। আর এই চরিত্রটির জন্য পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের প্রথম পছন্দ দীপিকা পাড়ুকোন। নির্মাতাদের বিশ্বাস, চরিত্রের গভীরতা ফুটিয়ে তুলতে দীপিকাই সবচেয়ে উপযুক্ত। ইতিমধ্যে অভিনেত্রীর সঙ্গে প্রাথমিক কথাবার্তাও নাকি অনেকটাই এগিয়েছে। তবে তাঁর ডেট ও অন্যান্য বিষয়ের ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে। সব ঠিকঠাক থাকলে একই পর্দায় রণবীর, আলিয়া এবং দীপিকাকে একসঙ্গে দেখার সুযোগ পেতে চলেছেন দর্শকরা।

শুধু তাই নয়, এই সিক্যুয়েলে রণবীর কাপুরকে একেবারে নতুন অবতারে দেখা যেতে পারে। শোনা যাচ্ছে, ‘শিবা’ চরিত্রের পাশাপাশি এই ছবিতে ‘দেব’ চরিত্রটিও নিজেই ফুটিয়ে তুলবেন রণবীর। পরিচালক নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির কাজ শেষ করেই ২০২৭ সালের জানুয়ারি নাগাদ এই ছবির শুটিং শুরু করার কথা রয়েছে তাঁর। সব মিলিয়ে, পর্দায় প্রাক্তনের সঙ্গে বর্তমানের এই সম্ভাব্য উপস্থিতি ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে সিনেপ্রেমীদের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *