বিনামূল্যে চিকিৎসার সুযোগ! তামিলনাড়ুতে চালু হচ্ছে মেগা হেলথ ইন্স্যুরেন্স, জানুন আবেদনের নিয়ম

সাধারণ মানুষের চিকিৎসার বিপুল খরচ কমাতে এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য করতে এক ঐতিহাসিক ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ব্যাপক স্বাস্থ্যবিমা প্রকল্পের (CMCHIS) আওতায় আর্থিক সুরক্ষার পরিমাণ এক ধাক্কায় ৫ গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এতদিন এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ ৫ লক্ষ টাকার বিমা কভার পাওয়া গেলেও, এখন তা বাড়িয়ে সরাসরি ২৫ লক্ষ টাকা করার ঘোষণা করা হয়েছে। সরকারের এই পদক্ষেপে জটিল রোগে আক্রান্ত বা উচ্চ চিকিৎসার খরচ বহনকারী পরিবারগুলি সবচেয়ে বেশি উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা?

তামিলনাড়ুর সমস্ত বাসিন্দা এই প্রকল্পের আওতায় আসেন না। CMCHIS-এর নিয়ম অনুযায়ী, সাধারণ ক্যাটেগরিতে এই বিমার সুবিধা পেতে হলে আবেদনকারী পরিবারের বার্ষিক আয় ১.২০ লক্ষ টাকার কম হতে হবে। এছাড়া পরিবারের সকল সদস্যের নাম রেশন কার্ডে থাকা বাধ্যতামূলক। আইনসম্মতভাবে বিবাহিত সঙ্গী, সন্তান এবং নির্ভরশীল বাবা-মা এই প্রকল্পের আওতাভুক্ত। তবে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য নিয়মে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। রাজ্য সরকারের প্রতিবন্ধী কল্যাণ বিভাগের নির্দেশিকা অনুযায়ী, পরিবারে কোনো প্রতিবন্ধী সদস্য থাকলে সেক্ষেত্রে আয়ের কোনো ঊর্ধ্বসীমা প্রযোজ্য হবে না; ওই পরিবার সম্পূর্ণ বিনামূল্যে এই প্রকল্পের সুবিধা পাবে।

পুরনো কার্ডধারীদের জন্য কী নির্দেশ রয়েছে?

যাঁদের কাছে ইতিমধ্যেই চালু থাকা CMCHIS কার্ড রয়েছে, তাঁদের নতুন করে কোনো আবেদন করার প্রয়োজন নেই। তবে ২৫ লক্ষ টাকার এই বর্ধিত সুবিধা ঠিক কবে থেকে এবং কীভাবে কার্যকর হবে, সে বিষয়ে খুব শীঘ্রই সরকারি নির্দেশিকা প্রকাশ করা হবে। নির্দেশিকা না আসা পর্যন্ত সাধারণ মানুষকে অযথা ভিড় না করে সরকারি ঘোষণার জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন কার্ড তৈরির পদ্ধতি ও প্রয়োজনীয় নথিপত্র

যাঁদের কাছে এখনও এই কার্ড নেই, তাঁরা নতুন নিয়মে আবেদন করতে পারেন। এর জন্য নিচের ধাপগুলি অনুসরণ করতে হবে:

  • প্রথমে স্থানীয় গ্রাম প্রশাসনিক আধিকারিক (VAO)-এর কাছ থেকে বৈধ আয়ের শংসাপত্র (Income Certificate) সংগ্রহ করতে হবে।

  • এরপর পরিবারের রেশন কার্ড, আধার কার্ড এবং আয়ের শংসাপত্র এক জায়গায় গুছিয়ে রাখতে হবে।

  • সমস্ত প্রয়োজনীয় নথি নিয়ে সরাসরি জেলার জেলাশাসকের (District Collector) দপ্তরে অবস্থিত নির্দিষ্ট CMCHIS কার্ড সেন্টারে গিয়ে নাম নথিভুক্ত করাতে হবে। তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হওয়ার পরেই কার্ড ইস্যু করা হবে।

হাসপাতাল ও চিকিৎসার শর্তাবলী

এই প্রকল্পের সুবিধা সরকারি হাসপাতাল এবং তালিকাভুক্ত নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালেই পাওয়া যায়। তবে মনে রাখা প্রয়োজন, ২৫ লক্ষ টাকা মানেই যেকোনো রোগের জন্য সরাসরি এই পুরো টাকা পাওয়া যাবে না। এটি হল বিমার সর্বোচ্চ সীমা (Maximum Cap)। সরকারের অনুমোদিত নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি এবং প্যাকেজ রেটের ওপর ভিত্তি করেই এই আর্থিক সহায়তা দেওয়া হয়। তাই চিকিৎসার আগেই সংশ্লিষ্ট হাসপাতালটি তালিকায় রয়েছে কি না এবং নির্দিষ্ট রোগটি প্যাকেজের অন্তর্ভুক্ত কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *