হাসপাতালে নেওয়ার নির্দেশ! কারাবন্দি ইমরান খানের স্বাস্থ্য নিয়ে সুপ্রিম কোর্টের বড় পদক্ষেপে তোলপাড়!

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে দেশজুড়ে তৈরি হওয়া উদ্বেগের মাঝেই বড় নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট। কারাবন্দি অবস্থাতেই স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে দ্রুত ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সুপ্রিম কোর্টের তিন সদস্যের একটি বেঞ্চ ইমরানের করা আবেদনের ভিত্তিতে এই রায় দিয়েছে।

আদালতের এই নির্দেশ অনুযায়ী, চিকিৎসার দেখভালের জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হবে, যেখানে তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও পরিবারের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত থাকবেন। পাশাপাশি, কারাবন্দি অবস্থায় তাঁকে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। তবে চিকিৎসার গোপনীয়তা বজায় রাখতে এই মেডিকেল রিপোর্ট গণমাধ্যমের সঙ্গে শেয়ার না করার কঠোর নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে ইমরানের যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে রাজনৈতিক মহলে উদ্বেগ দানা বাঁধছিল। সাবেক রাষ্ট্রপতি আরিফ আলভীও তাঁর স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত চিকিৎসার দাবি জানিয়েছিলেন। অন্যদিকে, এই পরিস্থিতিকে কেন্দ্র করে পিটিআই সমর্থকদের বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনা বর্তমানে চরমে পৌঁছেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *