সিনেমাহলে মিস করেছেন? এবার ওটিটিতে আসছে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, কবে ও কোথায় দেখবেন?

বড়পর্দায় সফল দৌড় শেষ করার পর এবার ডিজিটালের দুনিয়ায় পা রাখতে চলেছে অক্ষয় কুমারের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ (Welcome To The Jungle)। তারকাখচিত এই সিনেমাটি বক্স অফিসে দারুণ ব্যবসা করার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির অপেক্ষায় রয়েছে। আপনি যদি হলে গিয়ে সিনেমাটি দেখতে মিস করে থাকেন কিংবা ঘরে বসেই ফের একবার হাসির খোরাক উপভোগ করতে চান, তবে জেনে নিন এর ওটিটি রিলিজ সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি।
কবে এবং কোথায় মুক্তি পাচ্ছে?
রিপোর্ট অনুযায়ী, আহমেদ খানের পরিচালনায় তৈরি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আগামী ২১ আগস্ট জিওহটস্টার (JioHotstar)-এ মুক্তি পেতে পারে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জনে এই তারিখ ঘিরেই তৈরি হয়েছে চরম উন্মাদনা।
তারকাদের মেলা:
‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি হলো এই ছবি। ২০০৭ সালের ‘ওয়েলকাম’ এবং ২০১৫ সালের ‘ওয়েলকাম ব্যাক’-এর পর এই ছবিতেও রয়েছে এক বিশাল ও তারকাবহুল কাস্ট। অক্ষয় কুমার ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রাবিনা ট্যান্ডন, সঞ্জয় দত্ত, সুনীল শেঠি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, পরেশ রাওয়াল, আরশাদ ওয়ারসি, শ্রেয়াস তলপড়ে, রাজপাল যাদব, জনি লিভার, কিকু শারদা, অনিল কাপুর, ফারদিন খান, তুষার কাপুর, ববি দেওল, লারা দত্ত এবং মিকা সিংয়ের মতো তারকারা। ফিরোজ এ নাদিয়াদওয়ালার প্রযোজনায় তৈরি এই ছবি বিনোদনের যে ভরপুর ডোজ উপহার দেবে, তা বলাই বাহুল্য।
ছবির প্লট ও বক্স অফিস কালেকশন:
ছবির গল্প আবর্তিত হয়েছে এক ব্যবসায়ীকে কেন্দ্র করে, যিনি আর্থিক সংকট থেকে মুক্তি পেতে এক অদ্ভুত পরিকল্পনা করেন। তিনি একটি সিনেমা বানানোর সিদ্ধান্ত নেন যা জেনেশুনেই ফ্লপ করার পরিকল্পনা ছিল। কিন্তু গন্ডগোলের অভিনেতাদের নিয়ে তৈরি সেই টিম যখন শুটিংয়ের জন্য এক দূরবর্তী অঞ্চলে পৌঁছায়, তখন স্থানীয় গ্যাংস্টাররা তাদের আসল সেনা জওয়ান ভেবে ভুল করে! ভুয়া সিনেমা বানানোর এই মিশন কীভাবে এক চরম বাস্তব বিপদে রূপ নেয়, সেটাই এই ছবির মূল আকর্ষণ।
বক্স অফিসেও দুর্দান্ত পারফর্ম করেছিল এই কমেডি ছবি। ভারতে মুক্তির দিনেই ১৪.৮০ কোটি টাকা আয় করার পাশাপাশি প্রথম তিন দিনে ৬৩.৪৭ কোটি টাকার ব্যবসা করেছিল এটি। ভারতে এর নিট কালেকশন দাঁড়ায় ১৩0.৭২ কোটি টাকা এবং বিশ্বব্যাপী মোট গ্রস কালেকশন প্রায় ১৮৬.৭৫ কোটি টাকা ছুঁয়েছিল। এবার ওটিটিতে আসার পর ছবিটি নতুন কোনো রেকর্ড গড়ে কি না, সেটাই দেখার!