‘বন্ধ্যা’ বলা কি অপরাধ? সন্তান না হওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার দায়ে অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে বড় রায় আদালতের!

সন্তান না হওয়া নিয়ে পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে কটূক্তি করার ঘটনায় এক অভিযুক্ত স্বামীকে বড় স্বস্তি দিল আদালত। স্ত্রীর অভিযোগের ভিত্তিতে নিম্ন আদালতের জারি করা সমনের নির্দেশ খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, ঝগড়ার সময় স্ত্রীকে ‘বন্ধ্যা’ বা সন্তানহীন বলে কটাক্ষ করা অত্যন্ত অসংবেদনশীল এবং নিন্দনীয় হলেও, তা কোনোভাবেই আইনি অর্থে ‘নিষ্ঠুরতা’ (Cruelty) হিসেবে গণ্য করা যায় না।
মামলার নেপথ্য কাহিনী
অভিযুক্ত ওই ব্যক্তি পেশায় একজন সরকারি চিকিৎসক। স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালের ১৭ জানুয়ারি তাঁর বিরুদ্ধে সমন জারি করার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮-এ (বধূ নির্যাতন), ৩২৩ (ইচ্ছাকৃতভাবে আঘাত করা), ৫০৪, ৫০৬ ধারার পাশাপাশি পণ নিরোধ আইনের ৩ ও ৪ ধারায় মামলা রুজু করা হয়েছিল। নিম্ন আদালতের সেই সমন নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত চিকিৎসক।
হাইকোর্টের পর্যবেক্ষণ
মামলার শুনানি চলাকালীন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি ইন্দ্রজিৎ শুক্ল ৪৯৮-এ ধারার অধীনে সমন জারির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। মামলার রায়ে বিচারপতি স্পষ্ট ভাষায় জানান, “সন্তান না হওয়ায় কোনো নারীকে বন্ধ্যা বলে কটূক্তি করা অত্যন্ত অসংবেদনশীল এবং অত্যন্ত নিন্দনীয় একটি কাজ, তবে তা আইনি সংজ্ঞায় অপরাধমূলক ‘নিষ্ঠুরতা’ হিসেবে গণ্য হওয়ার জন্য যথেষ্ট নয়।” আদালতের এই পর্যবেক্ষণ এবং আইনি পর্যালোচনার পরই অভিযুক্ত স্বামীকে পাঠানো সমনের আদেশটি সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়।