আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরই সামনে এল আরেক ‘ভাইপো’ তত্ত্ব! সুকান্ত মজুমদারের বিস্ফোরক মন্তব্যে শোরগোল

প্রয়াত প্রবীণ নেতা তথা বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর পর রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। একদিকে যখন এই মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে, ঠিক তখনই প্রবীণ নেতার ভাইপোকে ঘিরে ফের ‘ভাইপো’ তত্ত্ব সামনে এনে রাজনৈতিক চাপানউতোর শুরু করেছে বিজেপি। একই সঙ্গে তৃণমূলের অন্দরের নানা সমীকরণ নিয়ে মুখ খুলেছেন অনুব্রত মণ্ডলও।

সুকান্ত মজুমদারের বিস্ফোরক মন্তব্য
আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর তাঁর ভাইপোকে শেষকৃত্যের সময় কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল। কিন্তু এই প্রেক্ষাপটেই বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক বিস্ফোরক মন্তব্য করে বসেন। তিনি বলেন, “আমাদের ডেপুটি স্পিকার সাহেব অত্যন্ত সজ্জন মানুষ ছিলেন। কিন্তু ওনার ভাইপো কী করতেন, একবার খোঁজ নিন তো।” উল্লেখ্য, প্রয়াত নেতার ভাইপোর নামও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পেশায় তিনি একজন আইনজীবী। এর আগে রামপুরহাট শহরের তৃণমূলের যুব সভাপতি থাকার সময় কুখ্যাত বগটুইকাণ্ডেও এই অভিষেকের নাম জড়িয়েছিল বলে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।

অনুব্রত মণ্ডলের ইঙ্গিতপূর্ণ দাবি
অন্যদিকে, এই পুরো পরিস্থিতিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে অন্য এক ‘ভাইপো’ অর্থাৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ দাবি করেছেন বীরভূমের হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “অভিষেক বোধহয় ২-১ বার আশিসদাকে কিছু বলেছিল। আমার শোনা কথা। এখানে একবার এসেছিল না নবজোয়ার না কীসে, তখন নাকি আশিসদাকে কোনও একবার ছোটভাবে কথা… যেটা লিখেছে আর কী যে, পার্টিতে আমাকে ঠিকমতো… তখন অভিষেক কিছু বলেছিল।”

প্রবীণ নেতার প্রয়াণের ঠিক পরপরই এই ‘ভাইপো’ সংক্রান্ত দুই নেতার মন্তব্য ঘিরে এখন রাজ্য রাজনীতিতে নতুন করে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *