অবসরের ঠিক আগে চরম সর্বনাশ! প্রতিবেশীর লালসার শিকার ৪ বছরের শিশুকন্যা, গ্রেপ্তার ৫৯ বছরের সিআরপিএফ জওয়ান

সামনের বছরই ছিল তাঁর সরকারি চাকরির অবসরগ্রহণ। কিন্তু তার আগেই ছোট্ট একটি চার বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের মতো জঘন্য অপরাধের অভিযোগে গ্রেপ্তার হলেন ৫৯ বছর বয়সী এক সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ান। মধ্যপ্রদেশের সিধি জেলার মাজহৌলি থানা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে এলাকায়। পুলিশ অভিযুক্ত জওয়ানকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই আদালতে হাজির করার পর জেলা সংশোধনাগারে পাঠিয়েছে।
স্টেশন হাউস অফিসার (এসএইচও) বিশাল শর্মা জানান, নিগৃহীত শিশুর মা গত শনিবার থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানানো হয়, গত শুক্রবার এই নৃশংস ঘটনাটি ঘটেছিল।
পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বলা হয়, ওই রাতে শিশুটি হঠাৎ বাড়ি থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল। দীর্ঘক্ষণ তার কোনো সন্ধান না মেলায় পরিবারের সদস্যরা হন্যে হয়ে খোঁজাখুঁজি করেন। অবশেষে শিশুটি যখন রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরে আসে, তখন সে অঝোরে কাঁদছিল। পরিবারের কাছে সে জানায়, এক প্রতিবেশী কাকা তার মুখ চেপে ধরে এই পশুবৃত্তিক নির্যাতন চালিয়েছে। এরপর শিশুটির মা ও পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে পুরো বিষয়টি বুঝতে পেরে শনিবার থানায় গিয়ে এফআইআর দায়ের করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পকসো (POCSO) আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্যান্য কঠোর ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্ত ও অভিযোগের সত্যতা যাচাই করার পর পুলিশ অভিযুক্ত সিআরপিএফ জওয়ানকে গ্রেপ্তার করে আদালতে তোলে। আদালতের বিচারক শুনানির পর অভিযুক্তকে সিধি জেলা সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশের প্রাথমিক তদন্তে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযুক্ত ৫৯ বছর বয়সি ওই জওয়ানের বিরুদ্ধে অতীতেও ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠেছিল বলে জানা গিয়েছে। এই ন্যক্কারজনক ঘটনায় আইন নিজের গতিতে কঠোর পদক্ষেপ করছে।