বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ, প্রবল বৃষ্টির লাল সতর্কতা, ভাসবে কোন কোন জেলা?

বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নতুন নিম্নচাপের প্রভাবে আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে শুরু করেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৬ অগাস্ট সকালে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলে এই নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে, যার জেরে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আবহাওয়া খারাপ থাকবে।

কোন জেলায় কেমন বৃষ্টি?

  • ১৬ অগাস্ট (আজ): পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি এবং বাঁকুড়ার এক-দু’জায়গায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। উপকূলের জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

  • ১৭ অগাস্ট (আগামীকাল): আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ১৭ অগাস্ট বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ২০ সেন্টিমিটারের বেশি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

  • ১৮ অগাস্ট: এই দিনেও পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ থেকে ২২ অগাস্ট পর্যন্ত দক্ষিণজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সিলসিলা চলতে পারে।

কলকাতার পরিস্থিতি ও সতর্কতা

নিম্নচাপের জেরে কলকাতাতেও বৃষ্টির দাপট বাড়বে। আজ কলকাতা এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে নিচু রাস্তা ও আন্ডারপাসে জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাধারণ মানুষকে ঝড়-বৃষ্টির সময় খোলা মাঠে বা গাছ ও বিদ্যুতের খুঁটির নিচে আশ্রয় না নেওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *