টানা ৮ ঘণ্টা সিআইডি-র ম্যারাথন জেরা! তলব নিয়ে বড় আপডেট দিলেন অভিষেক-ঘনিষ্ঠ সুমিত

ডেবরা চাকরি দুর্নীতি মামলায় ফের একবার সিআইডি (CID)-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। শনিবার সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ভবানী ভবনে পৌঁছন তিনি। টানা প্রায় ৭ ঘণ্টার ম্যারাথন জেরা শেষে সন্ধ্যা ৭টা নাগাদ সিআইডি দফতর থেকে বের হতে দেখা যায় তাঁকে।
রবিবার কি ফের তলব?
সিআইডি দফতর থেকে বেরোনোর সময় সাংবাদিকদের পক্ষ থেকে তাঁকে প্রশ্ন করা হয়, রবিবার কি ফের তাঁকে তলব করা হয়েছে? এই প্রশ্নের উত্তরে অবশ্য সুমিত রায় স্পষ্টভাবে ‘না’ বলে জানিয়েছেন। অর্থাৎ, আগামীকালের জন্য সিআইডি-র তরফে তাঁকে নতুন করে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি বলেই দাবি করেছেন অভিষেক-ঘনিষ্ঠ এই আধিকারিক।
টানা আট দিন তলব, তদন্তের কেন্দ্রে কী?
উল্লেখ্য, ডেবরা চাকরি দুর্নীতি মামলায় এই নিয়ে টানা ৮ দিন সিআইডি-র তলব পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। দীর্ঘ তদন্তের স্বার্থে এই মামলায় এর আগেও তাঁকে বেশ কয়েকবার ডাকা হয়েছিল। গতকালই এই একই মামলায় সুজয় হাজরার মুখোমুখি বসিয়ে তাঁকে জেরা করেছিলেন তদন্তকারী আধিকারিকরা। আজ ফের একই মামলায় তাঁকে সিআইডি দফতরে ডেকে পাঠানোর ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। তদন্ত প্রক্রিয়া ঠিক কোন দিকে এগোচ্ছে, সেদিকেই এখন নজর সকলের।