৫ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসা! স্বাস্থ্যসাথী কি বন্ধ হচ্ছে? বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

রবিবার, ১৬ অগাস্ট থেকে পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে দুটি নতুন চিকিৎসা প্রকল্প—আয়ুষ্মান ভারত প্রকল্প এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। নতুন এই প্রকল্পগুলি চালুর পাশাপাশি রাজ্যবাসীর মনে চলা জল্পনার অবসান ঘটিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এই মুহূর্তে ‘স্বাস্থ্যসাথী’ পরিষেবা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। আগামী দুই থেকে তিন মাস তিনটি স্কিমই সমান্তরালে চালু থাকবে। এরপর রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষের ফিডব্যাক নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
স্বাস্থ্যসাথী ও নতুন প্রকল্পের সমীকরণ
স্বাস্থ্যমন্ত্রী পরিষ্কার করে দিয়েছেন যে, যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে কিন্তু আয়ুষ্মান ভারতের সুবিধা নেই, তাঁদের জন্যই আনা হয়েছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’। এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ৮০ লক্ষ পরিবার সুবিধা পাবেন এবং প্রতি বছর প্রতিটি পরিবার বিনামূল্যে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাবে।
আয়ুষ্মান ভারত প্রকল্পের বিস্তারিত তথ্য
-
কারা পাবেন: আনুমানিক দেড় কোটি পরিবারের প্রায় ৬ কোটি নাগরিক এই প্রকল্পের আওতায় আসবেন। এছাড়া ৭০ বছর বা তার বেশি বয়সের সমস্ত প্রবীণ নাগরিক (সিনিয়র সিটিজেন) কোনো রকম নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠি ছাড়াই এই সুবিধা পাবেন।
-
কোথায় মিলবে চিকিৎসা: পশ্চিমবঙ্গের প্রায় ৭০০টি সরকারি এবং ১৩০০টি বেসরকারি হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্পের পরিষেবা পাওয়া যাবে। এমনকি দেশের যে কোনোপ্রান্তে বেড়াতে গিয়ে অসুস্থ হলেও আধার কার্ডের সাহায্যে এই প্রকল্পের সুবিধা মিলবে।
-
বিনামূল্যে চিকিৎসা ও কভারেজ: প্রতি পরিবারকে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়া হবে। কার্ড তৈরির জন্য কোনো অর্থ নেওয়া হবে না এবং পুরনো রোগ থাকলেও তার সম্পূর্ণ চিকিৎসা এর আওতায় হবে। হাসপাতাল ভরতির ৩ দিন আগে থেকে শুরু করে ডিসচার্জের ১৫ দিন পরের পর্যন্ত খরচ এই প্রকল্পের অন্তর্ভুক্ত।
-
ই-কেওয়াইসি প্রক্রিয়া: চিকিৎসা গ্রহণের সময় সংশ্লিষ্ট হাসপাতালেই আধার কার্ড দেখিয়ে খুব সহজেই ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। পরিবারের প্রতিটি সদস্যের জন্য আলাদা কার্ড থাকবে এবং সদস্যসংখ্যার কোনো নির্দিষ্ট সীমা নেই।