নেহেরু-ইন্দিরা থেকে রাজীব গান্ধীর অবদান! স্বাধীনতা দিবসের মঞ্চেই মোদীকে চরম আক্রমণ কংগ্রেস সভাপতির

ভারতের ৮০তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণকে তীব্র আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। প্রধানমন্ত্রীর ভাষণের বিভিন্ন প্রসঙ্গ টেনে এনে খোঁচা দিয়ে খাড়গে বলেন, “এটা তো আমাদের সৌভাগ্য যে তিনি এমন বলেননি— ‘আমি বিশ্ব সৃষ্টি করেছি এবং এটি কেবল আমার কারণেই টিকে আছে!'”

স্বাধীনতার পর থেকে দেশের উন্নয়নে কংগ্রেসের ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে খাড়গে বলেন, দেশের জন্য নেহেরুজি বহু কাজ করলেও কখনও তার বড়াই করেননি। পাশাপাশি, শাস্ত্রীজির সবুজ বিপ্লব, ইন্দিরা গান্ধীর আমলে সামরিক শক্তির বিকাশ এবং গোয়া ও সিকিম অন্তর্ভুক্তি এবং রাজীব গান্ধীর হাত ধরে দেশে তথ্যপ্রযুক্তির ভিত গড়ে ওঠার মতো ঐতিহাসিক কৃতিত্বের কথা তুলে ধরেন তিনি।

বর্তমান সরকারের নীতি নিয়ে আক্রমণ শানিয়ে কংগ্রেস সভাপতি অভিযোগ করেন, বর্তমান প্রশাসন সাধারণ মানুষকে খাদ্য, শিক্ষা বা কাজের অধিকার দেয়নি, বরং এগুলো কংগ্রেস আমলের দান। দেশের বর্তমান উন্নয়নের নেপথ্যেও কংগ্রেস পার্টির অবদান রয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়াও, ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য, যুবসমাজের প্রতিবাদ এবং দেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের ওপর সরকারি নিয়ন্ত্রণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মল্লিকার্জুন খাড়গে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *