নাবালিকা ধর্ষণ ও স্ত্রী খুন! বসিরহাট আদালতে দোষী সবমূলে আমৃত্যু জেলের সাজা পেল জামশেদ

বসিরহাটের বাদুড়িয়ার বাগজোলায় বহুল আলোচিত নাবালিকা ধর্ষণ ও স্ত্রী খুন মামলায় অবশেষে এল বহু প্রতীক্ষিত রায়। দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই চাঞ্চল্যকর মামলার প্রধান অভিযুক্ত জামশেদ আলী মন্ডলকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত। এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও নিহতদের পরিবার।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বাদুড়িয়ার বাগজোলা এলাকায় এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছিল। পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জামশেদ আলী মন্ডল শুধু নিজ স্ত্রীকে নৃশংসভাবে খুনই করেনি, পাশাপাশি এক নাবালিকাকেও ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত ছিল। এই জোড়া অপরাধের ঘটনায় সেসময় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছিল। ঘটনার পর থেকেই মামলাটি নিয়ে আইনি লড়াই চলছিল। দীর্ঘ আট বছর ধরে চলা শুনানির পর সমস্ত তথ্যপ্রমাণ খতিয়ে দেখে আজ আদালত এই ঐতিহাসিক রায় ঘোষণা করে।
রায়দানকালে বিচারক জামশেদ আলী মন্ডলকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়ার পাশাপাশি নির্যাতিতা নাবালিকার জন্য আর্থিক ক্ষতিপূরণেরও নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, নির্যাতিতাকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে, যা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে অভিযুক্তকে।
আইনজীবীদের মতে, এই রায় সমাজে একটি কড়া বার্তা দেবে এবং অপরাধীদের মনে ভীতি সৃষ্টি করবে। দীর্ঘ প্রতীক্ষার পর এই বিচার প্রক্রিয়ার অন্তিম পর্যায়ে এসে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ।