সরকার বদলের পর রেড রোডে প্রথম স্বাধীনতা দিবস! তেরঙ্গা উড়িয়ে আর কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী?

রাজনৈতিক পটপরিবর্তনের পর এই প্রথম কলকাতার ঐতিহাসিক রেড রোডে উদযাপিত হলো স্বাধীনতা দিবস। দেশের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে এদিন রেড রোডের মূল মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মূল অনুষ্ঠান শুরুর আগে নেতাজির মূর্তিতে মাল্যদান এবং পুলিশ মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। এরপর জমকালো কুচকাওয়াজ ও প্যারেডের মধ্য দিয়ে শুরু হয় রাজ্য সরকারের প্রধান স্বাধীনতা উদযাপনের এই পর্ব।
এদিনের অনুষ্ঠানে রাজ্যবাসীকে রাষ্ট্রবাদী অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মর্যাদাপূর্ণ এই কর্মসূচিতে যাঁরা অংশগ্রহণ করেছেন, বিশেষ করে আমাদের বীর সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, কলকাতা ও পশ্চিমবঙ্গ পুলিশ বাহিনী, এনসিসি এবং উপস্থিত সমস্ত গুণীজনকে আমি হৃদয় থেকে অভিনন্দন জানাই।”
‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ার ডাক
ভাষণপ্রসঙ্গে ২০৪৭ সালের স্বপ্ন এবং রাজ্যের বর্তমান লক্ষ্য নিয়ে জোরালো বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় জানান, ২০৪৭ সালে দেশের ‘বিকশিত ভারত’ গড়ার স্বপ্ন তখনই সম্পূর্ণ সার্থক হবে, যখন দেশজুড়ে একটি ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ে উঠবে। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও স্বামী প্রণবানন্দের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বিগত দিনের জট কাটিয়ে পশ্চিমবঙ্গকে তার হারিযে যাওয়া গৌরবময় জায়গায় ফিরিয়ে আনাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। পাহাড় থেকে সাগর, জঙ্গলমহল থেকে তরাই-ডুয়ার্স—সর্বত্র সুষম উন্নয়ন পৌঁছে দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান, নারী সুরক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি দেন তিনি।
ট্যাবলোয় ফুটিয়ে তোলা হলো উন্নয়ন ও ঐতিহ্যের মেলবন্ধন
এদিনের রেড রোডের মূল আকর্ষণ ছিল বিভিন্ন আকর্ষণীয় ট্যাবলোর প্রদর্শন। প্যারেডের পরেই শুরু হওয়া এই প্রদর্শনীতে একদিকে যেমন রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পকে তুলে ধরা হয়, তেমনই ছিল ইতিহাস ও সংস্কৃতির ছোঁয়া। ট্যাবলোগুলিতে বিশেষ স্থান পেয়েছিল—
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী
পিএম পোষণ ও অন্নপূর্ণা যোজনা
বেটি বাঁচাও বেটি পড়াও এবং আয়ুষ্মান ভারত প্রকল্প
টিবি মুক্ত ভারত অভিযান ও বিকশিত ভারত–G-RAM-G
বিষ্ণুপুরের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য
Safe & Secure West Bengal এবং সাইবার ক্রাইম সচেতনতা
মহিলাদের বিনামূল্যে সরকারি বাস পরিষেবা, সড়ক নিরাপত্তা এবং প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্প।
রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ক্ষুদিরাম বসুর এই পবিত্র মাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এদিন রেড রোডের অনুষ্ঠান এক বর্ণাঢ্য আবহেই সম্পন্ন হয়।