“৩৩ গুণ বেড়েছে মোবাইল উৎপাদন!”-লালকেল্লা থেকে ডিজিটাল বিপ্লবের বিরাট বার্তা মোদীর

স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপন উপলক্ষে শুক্রবার লালকেল্লার প্রাঙ্গণ থেকে দেশের প্রযুক্তিগত অগ্রগতির এক অভাবনীয় চিত্র তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানানোর পর লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এরপর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশের তরুণ সমাজ ও প্রযুক্তি খাতের অভূতপূর্ব সাফল্যের কথা জোরালোভাবে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

মোবাইল ও ইলেকট্রনিক্স উৎপাদনে ঐতিহাসিক উল্লম্ফন

এদিনের ভাষণ থেকে প্রধানমন্ত্রী জানান, বিগত কয়েক বছরে ভারতে মোবাইল ফোন উৎপাদন ৩৩ গুণ বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তি এবং উদ্ভাবনী শক্তির হাত ধরে আধুনিক বিশ্বে ভারত আজ এক নতুন নজির স্থাপন করেছে। অ্যাপল থেকে শুরু করে স্যামসাংয়ের মতো বিশ্বের বাঘা বাঘা টেক জায়ান্টগুলি এখন ভারতেই তাদের হ্যান্ডসেট তৈরি করছে। শুধু দেশীয় চাহিদা মেটানোই নয়, এই ‘মেড ইন ইন্ডিয়া’ স্মার্টফোন এখন বিদেশেও রফতানি করা হচ্ছে, যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলছে। পাশাপাশি, দেশে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

পরিসংখ্যান তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, বিগত ১২ বছরে ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন প্রায় সাতগুণ বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি প্রতিরক্ষা ক্ষেত্রেও দেশ আত্মনির্ভরতার পথে অনেকটাই এগিয়েছে, যেখানে প্রতিরক্ষা উৎপাদন প্রায় চারগুণ বেড়েছে। ১৪০ কোটি ভারতবাসীর যৌথ প্রচেষ্টায় গত এক দশকে দেশ এক দুরন্ত গতি লাভ করেছে বলে মন্তব্য করেন তিনি।

সেমিকন্ডাক্টর ও ‘মেড ইন ইন্ডিয়া ৬জি’-র লক্ষ্য

ভবিষ্যতের প্রযুক্তিগত লড়াইয়ে দেশকে এক ধাপ এগিয়ে রাখতে একাধিক মেগা প্রজেক্টের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দেশের মাটিতে শীঘ্রই ৬ থেকে ৭টি নতুন সেমিকন্ডাক্টর কারখানা গড়ে উঠবে। একইসঙ্গে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ডেটা সেন্টার তৈরির কাজও।

সবচেয়ে বড় কথা, ২০৩০ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে ‘মেড ইন ইন্ডিয়া ৬জি’ প্রযুক্তি পৌঁছে দেওয়ার বড় লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রযুক্তির এই অগ্রগতির হাত ধরে বিশ্বমঞ্চে ভারত যে এক নতুন গ্লোবাল লিডার হিসেবে আত্মপ্রকাশ করবে, লালকেল্লার সুউচ্চ প্রাচীর থেকে সেই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *