স্বাধীনতার ৭৯ বছর পরেও মালদহে অমলিন ব্রিটিশ স্মৃতি! জেমস পেডির তৈরি রেশম কেন্দ্রে কেন তালা ঝুলছে?

স্বাধীনতার প্রায় ৭৯ বছর পরেও মালদহের বুকে আজও অমলিন ব্রিটিশ শাসনের একাধিক স্মৃতি। বাণিজ্যের উদ্দেশে ভারতে এসে প্রায় দুই শতাব্দী শাসন করা ব্রিটিশদের নানা কর্মকাণ্ডের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই জেলা। আর এই সুদীর্ঘ ইতিহাসের সঙ্গেই ওতোপ্রোতভাবে জড়িয়ে রয়েছে তৎকালীন ব্রিটিশ জেলাশাসক জেমস পেডি সাহেবের নাম।

ইতিহাসবিদদের সূত্রে জানা যায়, ১৯২৪ থেকে ১৯২৮ সাল পর্যন্ত মালদহের জেলাশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। মালদহের ইতিহাস গবেষক এম আতাউল্লাহর মতে, ব্রিটিশ শাসক জেমস পেডির স্মৃতিকে অক্ষুণ্ণ রেখেই পরবর্তীতে গড়ে ওঠে ‘পেডি রেশম সুতা কাট‌ই প্রশিক্ষণ কেন্দ্র’। বর্তমানে এই ঐতিহ্যবাহী কেন্দ্রটি জেলা রেশম চাষ দফতরের সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে।

কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব এবং তীব্র কর্মিসংকটের জেরে বিগত বেশ কয়েক বছর ধরে এই ঐতিহাসিক কেন্দ্রে প্রশিক্ষণের সমস্ত কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। এই বিষয়ে জেলা রেশম চাষ আধিকারিক সুরজিৎ চৌধুরী জানান, বর্তমানে পর্যাপ্ত প্রকল্প এবং কর্মীর অভাবে প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে দফতর। এই মুহূর্তে সেখানে মাত্র একজন ইনচার্জ ও দু’জন কর্মী কর্মরত রয়েছেন। তবে খুব শীঘ্রই নতুন প্রকল্প এলে ফের প্রশিক্ষণ চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি রেশম শিল্পের সার্বিক উন্নয়নের স্বার্থে বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *