Recipe: স্বাধীনতা দিবসে বানিয়ে ফেলুন তেরঙা পোলাও, শিখেনিন দুর্দান্ত রেসিপি

স্বাধীনতা দিবস মানেই আত্মগৌরব, আনন্দ আর তেরঙা পতাকার রঙে ভেসে যাওয়া। চলতি বছর ভারত তার ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনে মেতে উঠবে। ১৯৪৭ সালের এই দিনেই ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিল আমাদের দেশ। এই গর্বের দিনটিকে আরও একটু বিশেষ এবং স্মরণীয় করে তুলতে বাড়ির হেঁশেলেই বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু ও আকর্ষণীয় ‘তেরঙা পোলাও’। রান্নার মাধ্যমে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করার এর চেয়ে সুন্দর উপায় আর কী বা হতে পারে! চলুন, জেনে নেওয়া যাক এই বিশেষ পদ তৈরির সহজ পদ্ধতি।

তেরঙা পোলাও তৈরির উপকরণ

  • বাসমতি চাল – ২ কাপ

  • আলু – ২টি (কুচানো)

  • গাজর – ২টি

  • পেঁয়াজ – ২টি (কুচানো)

  • ফুলকপি – ২টি ছোট টুকরো

  • মটরশুঁটি – ১/২ কাপ

  • ক্যাপসিকাম – ১টি

  • পনির – ৫০ গ্রাম

  • সবুজ ধনে পাতা – ২ টেবিল চামচ

  • টমেটো – ২টি

  • টুটি ফ্রুটি – ১ টেবিল চামচ

  • সবুজ রং (খাবার উপযোগী) – ১ চা চামচ

  • মিষ্টি হলুদ রং – ১ চা চামচ

  • রসুন – ৫ কোয়া

  • আদা কুচি – ১ টেবিল চামচ

  • ধনে গুঁড়ো – ১ চা চামচ

  • লাল লঙ্কা – ৩-৪টি

  • জিরে – ১/২ চা চামচ

  • নুন – স্বাদমতো ও তেল

রেসিপি

প্রথমে চাল ভালো করে ধুয়ে আধ ঘণ্টার জন্য ভিজিয়ে রাখুন। এরপর আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম এবং ফুলকপি মিহি করে কুচিয়ে নিন এবং পনির ছোট টুকরো করে কেটে রাখুন। কড়াইয়ে তেল গরম করে এই সবজিগুলো আলাদাভাবে ভেজে একটি পাত্রে তুলে রাখুন। গাজর এবং মটরশুঁটি আলাদাভাবে সেদ্ধ করে নিন। ভেজানো চাল ও পরিমাণমতো নুন দিয়ে প্রেশার কুকারে ভাত রান্না করে নিন।

চাল সেদ্ধ হয়ে গেলে তা তিনটি সমান ভাগে ভাগ করুন। একটি ভাগে সবুজ ফুড কালার এবং অন্যটিতে মিষ্টি হলুদ ফুড কালার মিশিয়ে নিন। তৃতীয় ভাগটি সাদা রাখুন। এবার সবুজ রঙের ভাতের সঙ্গে ভাজা মটরশুঁটি ও ক্যাপসিকাম মিশিয়ে নিন। অন্যদিকে, সাদা ভাতের সঙ্গে পনির, পেঁয়াজ ও ফুলকপি মেশান।

এরপর রসুন, আদা, ধনে ও জিরে একসঙ্গে বেটে একটি পেস্ট তৈরি করে নিন। কড়াইয়ে তেল গরম করে এই বাটা মশলা প্রায় ৫ মিনিট ধরে ভালো করে কষিয়ে নিন। তারপর এই মশলা তিন ধরনের ভাতের মধ্যে মিশিয়ে দিন। একটি বড় প্লেটে তিন রঙের ভাত ত্রিবর্ণের নকশায় সাজিয়ে নিন। ওপরে টমেটোর স্লাইস ও সবুজ ধনে পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন আপনার দারুণ সুস্বাদু ‘তেরঙা পোলাও’।

স্পেশাল সাইড ডিশ: হায়দরাবাদি গ্রিন চিকেন

তেরঙা পোলাওয়ের স্বাদ দ্বিগুণ করতে এর সঙ্গে বানিয়ে নিতে পারেন দুর্দান্ত স্বাদের ‘হায়দরাবাদি গ্রিন চিকেন’। ধনে পাতা, পুদিনা পাতা, কাজুবাদাম আর দইয়ের জাদুতে তৈরি এই পদ রঙ ও গন্ধে একেবারে অতুলনীয়।

প্রয়োজনীয় উপকরণ:

  • মুরগির মাংস – ৫০০ গ্রাম

  • ধনে পাতা ও পুদিনা পাতা – ১ কাপ করে

  • কাঁচা লঙ্কা – ২-৩টি

  • ভাজা পেঁয়াজ – ২টি

  • কাজুবাদাম – ১২টি

  • হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

  • আদা-রসুন বাটা – ১ টেবিল চামচ

  • টক দই – ৩/৪ কাপ

  • তেল – ৪ টেবিল চামচ

  • ধনে গুঁড়ো – ২ চা চামচ

  • জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো – ১ চা চামচ করে

  • গরম মশলা – ১/২ চা চামচ ও নুন – স্বাদমতো

তৈরির পদ্ধতি: প্রথমে পেঁয়াজ কুচিয়ে হালকা সোনালি বাদামি করে ভেজে নিন। এরপর ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, ভাজা পেঁয়াজ ও কাজুবাদাম একসঙ্গে মিক্সিতে পিষে একটি সবুজ পেস্ট বানিয়ে নিন। মুরগির টুকরোগুলো নুন, হলুদ ও আদা-রসুন বাটা দিয়ে ১৫ মিনিট মেখে রাখুন। এরপর এর সঙ্গে টক দই এবং তৈরি করা সবুজ পেস্ট ভালোভাবে মিশিয়ে ১ ঘণ্টা ফ্রিজে ম্যারিনেট হতে দিন।

কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করা চিকেন ৫ মিনিট ভেজে নিন। এরপর বাকি মশলা দিয়ে ভালোভাবে কষাতে থাকুন। মাংস থেকে তেল ছাড়লে এবং মাংস সেদ্ধ হওয়ার উপক্রম হলে ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিন। এবার কম আঁচে কড়াই ঢেকে ১৫ মিনিট রান্না করুন। সবশেষে আধ কাপ জল, নুন এবং গরম মশলা দিয়ে আরও ২-৩ মিনিট ফুটিয়ে নামিয়ে নিন।

স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে গরম গরম তেরঙা পোলাওয়ের সঙ্গে এই গ্রিন চিকেন পরিবেশন করুন। সঙ্গে পাতিলেবু আর কাঁচা পেঁয়াজ থাকলে পরিবারের সকলেই রেস্তোরাঁর স্বাদ পাবেন ঘরের ছাদেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *