ছাদ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু মেধাবী ছাত্রের!-খড়্গপুর IIT-তে ছাত্রের রহস্যমৃত্যু

খড়্গপুর আইআইটিতে ফের এক পড়ুয়ার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার সকালে আইআইটির নালন্দা কমপ্লেক্সের তিনতলার ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক ছাত্রের। মৃত ওই ছাত্রের নাম অঙ্কিত শর্মা (১৮)। ঘটনার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। খড়্গপুর টাউন থানার হিজলি ফাঁড়ির পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, মৃত অঙ্কিত শর্মা খড়্গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি রাজস্থানের যশবন্তগড়ে। পুলিশ সূত্রে খবর, পড়াশোনা বা অন্য কোনও কারণে ক্লাস চলাকালীন বা অন্য সময়ে তিনি কোনোভাবে তিনতলার ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে আইআইটির নিজস্ব বিসি রায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা পরীক্ষা করার পর তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে এখনও পর্যন্ত আইআইটি কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। এক মেধাবী ছাত্রের এমন আকস্মিক মৃত্যুতে ক্যাম্পাসের অন্যান্য পড়ুয়া এবং শিক্ষকদের মধ্যেও গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সব দিক থেকেই তদন্ত চালাচ্ছে পুলিশ।