বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার মাঝেই বিরাট মন্তব্য বিজেপির রাজ্য সভাপতির! নেতাজি বিতর্ক নিয়ে শোরগোল

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জেরে বিপাকে পড়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। একদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান কেড়ে নেওয়া হয়েছে, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগে তাঁর এক অনুগামীকে গ্রেফতারও করা হয়েছে। এই গোটা পরিস্থিতি নিয়ে এবার মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

এদিন নেতাজি প্রসঙ্গে বলতে গিয়ে শমীক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানান, নেতাজি সুভাষচন্দ্র বসু প্রতিটি জাতীয়তাবাদী মানুষের অন্তরের অন্তঃস্থলে তাঁর কালজয়ী সত্ত্বা নিয়ে প্রতিষ্ঠিত। তিনি বলেন, “নেতাজি নেতাদের নেতা। নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষে উপস্থিত থাকলে এভাবে ক্ষমতা হস্তান্তর হতো না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু নেতাজি তাঁর কালজয়ী সত্ত্বা দিয়ে সমস্ত কিছুর উত্তরণ ঘটিয়ে দিয়েছেন।”

অনন্ত মহারাজের মন্তব্য এবং তার জেরে তৈরি হওয়া বিতর্কের বিষয়ে শমীকবাবু বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়, তার জন্য পার্টি চিন্তাভাবনা করবে। এমপি বা এমএলএ যদি এই ধরনের কাজ করেন, তার জন্য দলের সংসদীয় বোর্ড রয়েছে। সর্বোচ্চ নেতৃবৃন্দ বিষয়টি দেখছেন এবং দেখবেন।”

উল্লেখ্য, নেতাজিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে ইতিমধ্যেই অনন্ত মহারাজের বিরুদ্ধে ৬টি এফআইআর দায়ের হয়েছে এবং সোশ্যাল মিডিয়া থেকে ১০৮টি আপত্তিজনক পোস্ট সরিয়ে নেওয়া হয়েছে। এর পাশাপাশি, উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে অনন্ত মহারাজের এক অনুগামী কিরণকুমার দাসকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে নেতাজি বিতর্ককে কেন্দ্র করে রাজ্য রাজনীতি এখন চরম উত্তপ্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *