কয়েক মাসেই উলটপুরাণ! বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে চরম পদক্ষেপ করল সরকার, হইচই রাজ্যজুড়ে

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা অত্যন্ত বিতর্কিত মন্তব্যের জেরে শেষপর্যন্ত বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। বিজেপি সাংসদ তথা অনন্ত মহারাজ নামে পরিচিত নগেন্দ্র রায়ের ‘বঙ্গবিভূষণ’ সম্মান আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার, ১৩ আগস্ট রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের পক্ষ থেকে এই মর্মে একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে এবং আজ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।
চলতি বছরের ২১ ফেব্রুয়ারি সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অনন্ত মহারাজকে রাজ্যের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান ‘বঙ্গবিভূষণ’-এ ভূষিত করেছিল রাজ্য সরকার। কিন্তু ঠিক কী কারণে মাত্র কয়েক মাসের ব্যবধানে এই সম্মান কেড়ে নেওয়া হলো?
রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, সম্মান প্রদানের পর এমন কিছু নতুন পরিস্থিতি এবং তথ্য সরকারের নজরে এসেছে যা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে। সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করার পরেই সরকার এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, অনন্ত মহারাজের ক্ষেত্রে আর ‘বঙ্গবিভূষণ’ সম্মান বজায় রাখা সমীচীন নয়।
নেতাজিকে নিয়ে সাম্প্রতিক মন্তব্যের পর থেকেই রাজ্য রাজনীতিতে তীব্র অসন্তোষ ও প্রতিবাদের ঝড় উঠেছিল। শাসকদল থেকে শুরু করে বিভিন্ন মহলে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তোলা হয়। অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সম্মান প্রত্যাহারের নির্দেশিকা জারি হওয়ার পর রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।