গুটখা-পান মশলা কি নিষিদ্ধ হল? প্যাকেজিং নিয়ে FSSAI-এর কড়া নির্দেশিকায় জানুন আসল সত্যিটা

পান মশলা নিয়ে এবার অত্যন্ত কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। মূলত পরিবেশের সুরক্ষার কথা মাথায় রেখে পান মশলার প্যাকেজিংয়ের ক্ষেত্রে সম্পূর্ণ নতুন ও কঠোর নিয়ম চালু করার নির্দেশ দিয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। সাম্প্রতিক নির্দেশিকা অনুযায়ী, এবার থেকে পান মশলার প্যাকেট বা মোড়ক সম্পূর্ণ প্লাস্টিক-মুক্ত (Plastic-Free) করতে হবে।

নতুন নিয়মে কী বলা হয়েছে?

গত ১০ অগাস্ট ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (প্যাকেজিং) অ্যামেন্ডমেন্ট রেগুলেশনস, ২০২৬’-এর গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে এই আপডেট জানানো হয়েছে। FSSAI-এর নতুন নির্দেশিকা অনুযায়ী—

  • পান মশলার প্যাকেজিংয়ের জন্য কাগজ, পেপারবোর্ড, সেলুলোজ কিংবা প্রাকৃতিক উৎস থেকে তৈরি অন্য কোনও উপাদান ব্যবহার করতে হবে।

  • প্যাকেজিংয়ে পলিথিন, পলিপ্রোপিলিন, পলিয়েস্টার, পলিভিনাইল ক্লোরাইড (PVC) অথবা অন্য কোনও সিন্থেটিক পলিমার, কো-পলিমার কিংবা ল্যামিনেট ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

  • শুধু বাইরের অংশই নয়, কাগজের মোড়কের ভিতরে থাকা প্লাস্টিকের স্তর বা কোটিংও নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ, বাইরে কাগজ থাকলেও ভিতরে প্লাস্টিক বা মেটালাইজড স্তর থাকলে তা অবৈধ বলে গণ্য হবে।

  • প্যাকেজিংয়ের ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ফয়েল বা কোনো ধরনের ধাতব স্তরও ব্যবহার করা যাবে না।

এর বদলে প্রস্তুতকারকরা কাগজ, টিন বা কাচের কৌটো ইত্যাদি পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করতে পারবেন।

পান মশলা কি নিষিদ্ধ করা হয়েছে?

এই নির্দেশিকা সামনে আসার পরেই অনেকের মনে বিভ্রান্তি তৈরি হতে পারে যে তবে কি পান মশলা বিক্রি নিষিদ্ধ করা হলো? FSSAI-এর স্পষ্ট বার্তা, এই নতুন নিয়ম শুধুই প্যাকেজিং বা মোড়ক সংক্রান্ত। পান মশলা বা পান মশলাজাত পণ্যের উৎপাদন কিংবা বিক্রির উপর কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। শুধুমাত্র কোন কোন উপকরণ দিয়ে এর প্যাকেট তৈরি করা যাবে, সেই বিষয়েই এবার কঠোর নিয়ম বেঁধে দিল কেন্দ্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *