নাম না করেই কাকে নিশানা করলেন দক্ষিণী নায়িকা? উদয়নিধি কাণ্ডের পরেই তৃষার রহস্যময় পোস্টেল তোলপাড় নেটদুনিয়া

তামিলনাড়ুর রাজনৈতিক ও চলচ্চিত্র জগতের অন্যতম আলোচিত কেন্দ্রবিন্দু উদয়নিধি স্ট্যালিনকে ঘিরে চলা তীব্র বিতর্কের কয়েক দিন বাদে অবশেষে সোশ্যাল মিডিয়ায় ফিরে এলেন জনপ্রিয় দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষা কৃষ্ণন। আর প্ল্যাটফর্মে পা রেখেই একের পর এক রহস্যময় (Cryptic) পোস্ট করে নেটদুনিয়ায় নতুন করে চর্চা ও জল্পনার ঝড় তুলেছেন তিনি।
যদিও অভিনেত্রী তাঁর কোনোও একটি পোস্টেও সরাসরি বা নাম করে কারোর দিকে আঙুল তোলেননি, তবুও পোস্টগুলির টাইমলাইন এবং সাম্প্রতিক রাজনৈতিক জলঘোলার কারণে নেটিজেনরা মনে করছেন যে নিশানাটি ঠিক কার দিকে।
ঠিক কী হয়েছিল বিতর্কটি? সম্প্রতি তামিলনাড়ুর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিনকে কেন্দ্র করে এক বড়সড় বিতর্ক দানা বাঁধে। তাঞ্জাভুরে একটি রাজনৈতিক জনসভার মাঝে আচমকাই অভিনেত্রী তৃষার নাম ধরে স্লোগান উঠতে শুরু করে। সেই সময় জনসভায় দাঁড়িয়ে উদয়নিধি যে মন্তব্যটি করেন, তা অনেকেই দ্ব্যর্থবোধক এবং অভিনেত্রীর প্রতি ‘আপত্তিকর’ বলে গণ্য করেন। মুহূর্তের মধ্যে বিষয়টি শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, তামিলনাড়ুর রাজনৈতিক ময়দান ছাড়িয়ে আইনি বিতর্কেরও রূপ নেয়।
এই চরম উত্তেজনার আবহে তৃষার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ধরনের রহস্যময় ও ইঙ্গিতপূর্ণ বার্তা শেয়ার হওয়া নিয়ে বর্তমানে দক্ষিণী সিনেমহলে ও রাজনৈতিক মহলে জোরদার আলোচনা শুরু হয়েছে।