‘শেষ করে দেব’, সৌরভ ও তাঁর পরিবারকে হুমকি চিঠি, পুলিশের দ্বারস্থ ‘দাদা’র পরিবার!

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বাংলার ‘মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা সামনে এল। সৌরভ ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ করে একাধিক threatening চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। ক্রিকেট তারকা এবং তাঁর পরিবারের সদস্যদের ‘শেষ করে দেওয়ার’ হুমকি দিয়ে এই চিঠিগুলি পাঠানো হয়েছে। প্রথম দিকে গঙ্গোপাধ্যায় পরিবার বিষয়টিকে বিশেষ পাত্তা না দিলেও, লাগাতার এই ধরনের চিঠি আসার পর তাঁরা নড়েচড়ে বসেন এবং শেষপর্যন্ত পুলিশের দ্বারস্থ হন। সৌরভের পরিবার এবং তাঁর ব্যক্তিগত সহকারীর পক্ষ থেকে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হুমকি চিঠিতে ঠিক কী লেখা রয়েছে?
পুলিশে দায়ের করা অভিযোগ অনুযায়ী, সোমবার সৌরভের অফিসে ইংরেজিতে লেখা একটি অত্যন্ত বিভ্রান্তিকর ও অসংলগ্ন কিন্তু স্পষ্টতই হুমকিভরা চিঠি এসে পৌঁছয়। সেই চিঠির ইংরেজি ব্যাকরণ ও বাক্যগঠন বেশ অগোছালো হলেও তার বাংলা সারমর্ম করলে যা দাঁড়ায়, তা অত্যন্ত উদ্বেগজনক:
“আমরা দীর্ঘদিন ধরে আপনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আপনি আমাদের সমস্ত সতর্কবার্তা উপেক্ষা করেছেন এবং একগুঁয়েমি করে চলেছেন। আমরা মনে করি, আপনার আচরণে পরিবর্তন আনা প্রয়োজন। আপনি তা না করলে আমরা আপনাকে স্বাভাবিক ও শান্তিপূর্ণ জীবনযাপন করতে দেব না। আমরা শক্তিশালী, তাই আমাদের কখনও হালকাভাবে নেবেন না। আমরা এমন এক ব্যক্তির উপর ক্ষুব্ধ, যিনি আমাদের কোনও একটি জায়গায় প্রবেশ করতে বাধা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি যদি আমাদের কাজে এভাবে হস্তক্ষেপ করতে থাকেন, তাহলে আমরা তাঁকে ‘শেষ করে দিতে’ পারি। আমরা মনে করি, সমাজের কল্যাণ্যেই আমাদের এই পদক্ষেপগুলি প্রয়োজন এবং আমরা তা করতে প্রস্তুত।”
ছ’মাস ধরে আসছিল চিঠি
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত প্রায় ছ’মাস ধরে এই ধরনের রহস্যজনক চিঠি আসছিল। প্রথমে সেগুলিকে কোনো দুষ্টু ফ্যান বা অতিরিক্ত আবেগপ্রবণ ক্রিকেটপ্রেমীর পাগলামি ভেবে গুরুত্ব দেওয়া হয়নি। কিন্তু দিন যত গড়িয়েছে, চিঠির সংখ্যা যেমন বেড়েছে, তেমনই সাম্প্রতিক চিঠিগুলির ভাষা আগের তুলনায় অনেক বেশি ভয়ঙ্কর ও আক্রমণাত্মক হয়ে উঠেছে। এরপরই বিষয়টি আর হালকাভাবে না নিয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন সৌরভ ও তাঁর পরিবার।
ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ ও তদন্ত শুরু
সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর পরিবারের সামগ্রিক নিরাপত্তার কথা মাথায় রেখে ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সৌরভের পরিবারের পাশাপাশি তাঁর ব্যক্তিগত সহকারীর তরফেও অভিযোগ জানানো হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, চিঠিগুলি কুরিয়ারের মাধ্যমে সৌরভের বাড়িতে পাঠানো হয়েছিল। খামের উপর প্রেরক হিসেবে অরুণ কুমার নামের এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে, যিনি বেলঘরিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। যদিও আশ্চর্যের বিষয় হলো, চিঠির তলায় প্রেরক হিসেবে ‘ফ্রম গড’ (From God) লেখা রয়েছে।
অরুণ কুমারই কি চিঠি পাঠিয়েছেন?
চিঠির সত্যতা ও প্রেরক সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ। চিঠিতে একটি ফোন নম্বরও তদন্তকারীদের নজরে এসেছে। ওই নম্বরে ফোন করলে কলার-আইডিতে ‘অরুণ কুমার’ নামই দেখাচ্ছে। তবে এটি সত্যিই ওই ব্যক্তির কাজ, নাকি অন্য কেউ তাঁর নাম ও পরিচয় ব্যবহার করে এই অপরাধমূলক কাজ করছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
নিরাপত্তা নিয়ে তৎপর প্রশাসন ও পুলিশ
বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় বাঙালি ব্যক্তিত্ব তথা বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ প্রশাসন। সৌরভের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কি না, তা নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে। তাঁর যাতায়াত, অফিস এবং পাবলিক অ্যাপিয়ারেন্সের কথা মাথায় রেখে নিরাপত্তা আরও জোরদার করার কথা ভাবা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে সৌরভ ও তাঁর পরিবারকে সম্পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। কুরিয়ার সংস্থার বিবরণ, খামের তথ্য এবং চিঠিতে থাকা ফোন নম্বরের কল রেকর্ড খতিয়ে দেখে আসল অপরাধীকে শীঘ্রই পাকড়াও করা হবে বলে জানিয়েছে পুলিশ।