‘তিলোত্তমাকে ভুলিনি!’ প্রতিশ্রুতির রেশ কাটতেই নড়েচড়ে বসল পুলিশ, মৃতদেহ সৎকার ঘিরে বিস্ফোরক অভিযোগে দায়ের নতুন মামলা

তিলোত্তমা কাণ্ডের দুই বছর অতিক্রান্ত হওয়ার পর এই মামলায় ফের এক নতুন আইনি মোড় এল। গত ৯ অগস্ট তিলোত্তমার মৃত্যুবার্ষিকীর দিন এক স্মরণসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, এই ঘটনার পূর্ণাঙ্গ বিচার তিনি নিশ্চিত করবেন। সেইমতো তাঁর স্পষ্ট নির্দেশের একদিনের মধ্যেই খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন তিলোত্তমার বাবা। আর এই নতুন এফআইআর-কে কেন্দ্র করে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষসহ মোট তিনজনের নাম প্রকাশ্যে এসেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্মরণসভা থেকে শুভেন্দু অধিকারীর কড়া বার্তা
গত রবিবার তিলোত্তমার স্মরণে আয়োজিত এক সভায় উপস্থিত থেকে শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে চাঞ্চল্যকর দাবি করেন। তিনি জানান, মৃতদেহ দাহ করার মতো সংবেদনশীল প্রক্রিয়ায় পরিবারের পক্ষ থেকে কোনো সই নেওয়া হয়নি এবং এই পুরো ঘটনার নেপথ্যে ছিলেন নির্মল ঘোষ, সোমনাথ দে ও সন্দীপ মুখোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই ব্যারাকপুরের পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে তিনি দ্রুত নতুন মামলা রুজু করার এবং কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। তিনি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছিলেন, “মানুষ জিতিয়েছেন এই কেসের বিচারের জন্য। আমি কমিটেড…”

আইনি পদক্ষেপ ও নতুন অভিযোগ
শুভেন্দুর এই আহ্বানের ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই তৎপর হয় পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে খবর, খড়দহ থানায় তিলোত্তমার বাবা নিজে উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তের তালিকা: পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পাশাপাশি এই মামলায় নাম রয়েছে সোমনাথ দে এবং সন্দীপ মুখোপাধ্যায়ের।

যে সমস্ত ধারায় মামলা রুজু হয়েছে: অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টা, ভয় দেখানো এবং জোর করে আটকে রাখার মতো গুরুতর একাধিক ধারায় পুলিশ মামলা রুজু করে নতুন করে তদন্ত শুরু করেছে।

তিলোত্তমার বিচার চেয়ে চলা এই দীর্ঘ আন্দোলনের আবহে নতুন এই এফআইআর তদন্তের গতিপ্রকৃতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *