চারদিকে শুধু তাঁরই মিম! সমাজমাধ্যমের এই পাগলামি নিয়ে কী মন্তব্য করলেন অভিনেতা-সাংসদ?

সোশ্যাল মিডিয়ার পাতা খুললেই এখন কেবল তাঁরই ছড়াছড়ি! তাঁর নাচ, তাঁর পুরোনো সংলাপ কিংবা নানা ধরনের অঙ্গভঙ্গি—সব মিলিয়ে ইন্টারনেটের নতুন সেনসেশন এখন বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষাণ। তাঁকে নিয়ে মিম ও রিলসের ঝড়ে সরগরম নেটপাড়া। আর এই বিষয়টি নিয়ে এবার খোলামেলা প্রতিক্রিয়া জানালেন খোদ রবি কিষাণ।
এদিন এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে নিজের মতামত জানান তিনি। বিষয়টি নিয়ে তিনি একটুও বিরক্ত নন, বরং বেশ উপভোগই করছেন। রবি কিষাণ বলেন, “এটা একেবারে আলাদা একটা খেলা চলছে। এটা রীতিমত একটা পাগলামো। শ্রাবণ মাস চলছে, আর শিব ঠাকুর তাঁর আশীর্বাদ বর্ষণ করছেন আমার উপর। শ্রাবণ মাসেই এমন সব কাণ্ড ঘটে। এর আগে এই দেশে কোনো অভিনেতা বা রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে এমন উন্মাদনা দেখা যায়নি।” নিজের জনপ্রিয়তার কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, “মানুষ জনপ্রিয় হওয়ার জন্য কত কী না করেন, আর আমি তো কোনো কথা না বলে মৌন ব্রত রাখলেও ভাইরাল হয়ে যাই!”
জেন-জি প্রজন্মকে বাহবা
গোটা বিষয়টি নিয়ে বলতে গিয়ে তিনি জানান, এই ট্রেন্ডগুলো পুরোটাই খুব স্বাভাবিক বা অর্গানিক উপায়ে হচ্ছে। মজার বিষয় হলো, কেবল সাধারণ নেটিজেনরাই নন, বরং বিজেপির অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, দিল্লি পুলিশ এমনকি মহারাষ্ট্র সরকারের বিভিন্ন পেজ থেকেও তাঁকে নিয়ে মিম বানানো হচ্ছে। আর সেই সব পোস্টে তিনি নিজে লাইকও দিচ্ছেন এবং তা উপভোগ করছেন।
সব মিলিয়ে, ডিজিটাল দুনিয়ায় এই অপ্রত্যাশিত জনপ্রিয়তাকে বেশ হাসিমুখেই গ্রহণ করেছেন রবি কিষাণ।