ভুল চিকিৎসা ও প্রতারণার অভিযোগ! সেবাশ্রয় বিতর্কে স্ক্যানারে খোদ তৃণমূল প্রার্থী তথা চিকিৎসক

চাঞ্চল্যকর ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবির বিতর্কে তদন্তের জাল আরও গুটিয়ে আনছে পুলিশ। ডায়মন্ড হারবারের এই বিতর্কিত স্বাস্থ্য শিবিরের মামলায় এবার হরিণঘাটার তৃণমূল প্রার্থী তথা চিকিৎসক রাজীব বিশ্বাসকে তলব করা হলো। আগামী বুধবার তাঁকে ডায়মন্ড হারবার থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
গত কয়েকমাস ধরেই ডায়মন্ড হারবারের তৎকালীন সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত ‘সেবাশ্রয়’ ক্যাম্পের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উঠতে শুরু করে। গত ২ জুন ডায়মন্ড হারবার থানায় প্রথম এফআইআর দায়ের হওয়ার পর থেকেই পুলিশ এই মামলার তদন্ত শুরু করে।
মূল অভিযোগগুলি কী কী?
-
অযোগ্য চিকিৎসক ও পড়ুয়াদের দিয়ে চিকিৎসা: সেবাশ্রয় ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের পরিবর্তে আয়ুর্বেদিক চিকিৎসক এবং জুনিয়র ডাক্তারদের দিয়ে সাধারণ রোগীদের চিকিৎসা করানোর গুরুতর অভিযোগ উঠেছে।
-
চিকিৎসায় গাফিলতি ও প্রতারণা: ভুল চিকিৎসায় এক রোগীর পা বাদ যাওয়ার মতো ঘটনাও প্রকাশ্যে এসেছে। পাশাপাশি প্রেসক্রিপশনে চিকিৎসকদের বৈধ রেজিস্ট্রেশন নম্বর এবং সঠিক নাম-স্বাক্ষরের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছে আইনি মহল।
-
তৃণমূল প্রার্থীর ভূমিকা: পুলিশের তদন্তে উঠে এসেছে যে, হরিণঘাটার তৃণমূল প্রার্থী ও চিকিৎসক রাজীব বিশ্বাসের উদ্যোগেই মূলত জুনিয়র চিকিৎসকদের এই ক্যাম্পে নিয়ে আসা হয়েছিল। অতীতে তিনি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের RMO হিসেবেও কাজ করেছেন।
তদন্তের স্বার্থে রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে এই পুরো প্রক্রিয়ার নেপথ্যের তথ্য জানতে চাইছে পুলিশ। সেবাশ্রয় নিয়ে রাজনৈতিক তরজার পাশাপাশি আইনি জটিলতাও এখন চরম আকার ধারণ করেছে।