হাসপাতালে চিকিৎসাধীন মহাগুরু মিঠুন চক্রবর্তী! দেখতে গিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা দেবের

হাসপাতালে ভর্তি রয়েছেন বিশিষ্ট অভিনেতা তথা রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী। অসুস্থ মহাগুরুকে দেখতে সোজা হাসপাতালে ছুটে গেলেন তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। শুক্রবার রাতে সোশ্যাল মিডিয়ায় সেই সাক্ষাতের ছবি পোস্ট করে এক আবেগঘন বার্তা দেন পর্দার ‘টনিক’।
দেবের আবেগঘন পোস্ট
সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন দেব। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় বসে রয়েছেন ‘ডিস্কো ডান্সার’ খ্যাত অভিনেতা, তাঁর ডান হাতে মোটা করে ব্যান্ডেজ বাঁধা। আরেকটি ছবিতে দেখা যায়, দেব মোবাইলে বর্ষীয়ান অভিনেতাকে কিছু একটা দেখাচ্ছেন। ছবিগুলির ক্যাপশনে দেব লেখেন, “আপনি সবসময়ই আমার কাছে বাবার মতো একজন মানুষ হয়ে থেকেছেন। আপনার সুস্বাস্থ্য, সুখ এবং আপনার প্রাপ্য, সবকিছুই যেন আপনি পান—এই কামনাই করি।”
কী হয়েছে প্রখ্যাত অভিনেতার?
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মিঠুন চক্রবর্তী। হাসপাতাল সূত্রে খবর, তাঁর ডান হাতে অস্ত্রোপচার হয়েছে। বেশ কয়েক বছর আগে এক দুর্ঘটনায় মিঠুন চক্রবর্তীর ডান হাতে চোট লেগেছিল, সেই সময় অস্ত্রোপচার করে তাঁর হাতে একটি প্লেট বসানো হয়েছিল। সম্প্রতি সেই প্লেটটি খুলে ফেলার জন্যই তাঁর এই ছোট অস্ত্রোপচার করা হয়। গত তিন দিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ও ভালো রয়েছে। তবে তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে শনিবারই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।
দেব ও মিঠুনের বিশেষ বন্ডিং
বাংলা সিনেপর্দায় সুপারস্টার দেব ও মহাগুরু মিঠুন চক্রবর্তী একসঙ্গে বক্স অফিসে ঝড় তুলেছেন। অভিজিৎ সেন পরিচালিত ‘প্রজাপতি’ এবং ‘প্রজাপতি ২’ সিনেমায় বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছিলেন তাঁরা। এই ছবির মাধ্যমেই দুজনের মধ্যে গভীর আত্মিক সম্পর্ক গড়ে ওঠে।
বিভিন্ন সাক্ষাৎকারে দেবকে একাধিকবার বলতে শোনা গেছে, “মিঠুনদা যে দলেই থাকুন না কেন, ওঁর জন্য আমি সবার সঙ্গে লড়তে পারি। ওনার সঙ্গে আমার সম্পর্ক রাজনৈতিক নয়, পারিবারিক। উনি আমার কাছে সবসময় বাবার মতোই ছিলেন, আছেন এবং থাকবেন।” এমনকি দেব এও বলেছিলেন, “মিঠুনদা আমার বাবার মতো। কখনো যদি ওনার শরীর খারাপ হয় আর ওনার কিডনির প্রয়োজন পড়ে, আমি নিজের কিডনি পর্যন্ত দিতে পারি।”
অন্যদিকে, দেবের এই ভালোবাসাকে বরাবরই মর্যাদা দিয়ে এসেছেন মিঠুন চক্রবর্তী। এক সাক্ষাৎকারে তিনি স্মৃতিচারণা করে জানিয়েছিলেন, দেব যখন অনেক ছোট ছিলেন, তখন দেবের বাবা সিনেমার প্রোডাকশনে ক্যাটারিংয়ের কাজ করতেন। সেই সূত্রে দেবের বাবা মিঠুনের জন্য বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে আসতেন এবং দেব ছোটবেলায় বাবার হাত ধরে শুটিং সেটে আসতেন। সেই থেকেই মিঠুন তাঁকে চেনেন এবং সন্তানের মতো স্নেহ করেন।