‘সবকিছু টিআরপির জন্য নয়, ডিভোর্সের কাগজ সই করে দিয়েছি!’ রিয়ালিটি শো থেকে বেরিয়ে বিস্ফোরক আকাঙ্খা

জনপ্রিয় অভিনেতা গৌরব খান্নার সঙ্গে তাঁর দীর্ঘ ১০ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসার পর থেকেই বিনোদন দুনিয়ায় শোরগোল শুরু হয়েছে। রিয়েলিটি শো ‘লক আপ সিজন ২’-এর মঞ্চে প্রথমবার স্বামী গৌরবের সঙ্গে আলাদা হওয়ার কথা ঘোষণা করেছিলেন অভিনেত্রী আকাঙ্খা চামোলা। শোয়ের ফাইনালের ঠিক আগেই তাঁর এই রিয়ালিটি শো থেকে পথচলা শেষ হয়েছে। আর শো থেকে বাইরে আসার পরেই স্বামী গৌরব খান্নার সঙ্গে বিচ্ছেদ ও তা নিয়ে চলা নানা সমালোচনার কড়া জবাব দিলেন তিনি।

আকাঙ্খা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে, ব্যক্তিগত জীবনের এত বড় একটি সত্যকে কখনই তিনি সস্তা প্রচার বা শোয়ের টিআরপির (TRP) হাতিয়ার বানাননি।

কী বললেন আকাঙ্খা? সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আকাঙ্খা ক্ষোভপ্রকাশ করে বলেন, “স্বামীর সঙ্গে বিচ্ছেদের মতো সংবেদনশীল ও যন্ত্রণাদায়ক বিষয় নিয়ে আমি কেন এত বড় একটা শো-তে মিথ্যা কথা বলব? টিআরপি বা প্রচারের জন্য আমি কস্মিনকালেও এমনটা করিনি। আপনারা চাইলে আমার বাড়িতে এসে আমার আইনি দলের সঙ্গে দেখা করতে পারেন। এখন যেহেতু আমি শো থেকে বেরিয়ে এসেছি, আমরা বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা করছি। আমি ইতিমধ্যেই বিচ্ছেদের নথিপত্রে সই করে দিয়েছি এবং আইনি প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এটা নেহাতই প্রচারের কৌশল নয়, আমাদের বাস্তব জীবনের সত্যি।”

তিনি আরও যোগ করেন, “আমাদের বিয়ের শুরু থেকেই মানুষ ভেবেছিলেন যে আমরা হয়তো সব কিছু প্রচারের লাইমলাইটে আসার জন্যই করছি। কিন্তু আমরা অভিনেতা বলেই যে আমাদের ব্যক্তিগত জীবনের প্রতিটি কঠিন সিদ্ধান্তকেও লোকদেখানো বা পাবলিসিটি স্টান্ট হিসেবে ধরে নেওয়া হবে, তা একেবারেই কাম্য নয়।”

উল্লেখ্য, গৌরব খান্না এই মুহূর্তে জনপ্রিয় স্টান্টভিত্তিক রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’-তে একজন প্রতিযোগী হিসেবে অংশ নিচ্ছেন। এর আগে ‘লক আপ ২’-এর সেটে এসে গৌরবের সঙ্গে আকাঙ্খার দেখা করার ঘটনাও যথেষ্ট নজর কেড়েছিল। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আকাঙ্খার এই সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট হয়ে গেল যে, এই তারকা দম্পতির পথচলা এবার পাকাপাকিভাবেই আলাদা হতে চলেছে।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *