৫০ কোটির সম্পত্তি থেকে ১৪৪ কোটির সাম্রাজ্য! এসটিএফের চোখ ফাঁকি দিয়ে হঠাৎ কোথায় উধাও বীরভূমের ‘পাথর সম্রাট’ টুলু?

প্রথম দিনই আত্মীয়ের বাড়ি থেকে প্রায় ৫০ কোটির সম্পত্তি উদ্ধার হওয়ার পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছিল চাঞ্চল্য। বীরভূমের ‘পাথর সম্রাট’ ও নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের সম্পত্তির উৎস ও হদিশ পেতে এবার রীতিমতো হিমশিম খাচ্ছে এসটিএফ (STF) তদন্তকারীরা। কোটি কোটি টাকা, সোনাদানা এবং শতাধিক গাড়ি উদ্ধার হলেও এখনও অধরা টুলু। আর এরই মাঝে আত্মগোপন করে থাকা সেই টুলু মণ্ডলই এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন।
কত টাকার সম্পত্তি বাজেয়াপ্ত?
তদন্তে জানা গিয়েছে, টুলু মণ্ডলের প্রায় ১৪৪ কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর সম্পত্তির একটি লম্বা তালিকাও প্রকাশ্যে এনেছেন। সেই তালিকায় রয়েছে—
২৪২টি বিলাসবহুল গাড়ি
৩০০ বিঘা জমি
সব মিলিয়ে মোট ২১টি বড় সম্পত্তির হদিশ।
পুলিশের চোখে ধুলো দিয়ে মামলা করলেন কীভাবে?
সবচেয়ে বড় প্রশ্ন হলো, গা ঢাকা দিয়ে থাকা টুলু মণ্ডল আইনি লড়াইয়ে নামলেন কী করে? এর আগে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে, টুলু ইতিমধ্যেই দেশ ছেড়ে বিদেশে পালিয়ে গিয়েছেন। রাজ্য পুলিশের পক্ষ থেকেও তাঁকে খুঁজে বের করার জোর তল্লাশি চলছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, রাজনৈতিক পটপরিবর্তনের ঠিক পরেই দেশ ছেড়ে পালিয়ে যান তিনি।
যখন পুলিশ হদিশ পেতে মরিয়া হয়ে উঠেছে, ঠিক তখনই গ্রেফতারি থেকে সুরক্ষা বা রক্ষাকবচ চেয়ে আদালতের দারস্থ হয়েছেন টুলু মণ্ডল। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলা দায়ের করা হয়েছে। মামলার এই আকস্মিক মোড়ে রাজ্য রাজনীতি ও তদন্তকারী মহলে নতুন করে শোরগোল শুরু হয়েছে।