ডাবরের মধু ও ঘি বিক্রি নিষিদ্ধ করল FSSAI! ১০০০ শতাংশ খাঁটি দাবির ফাসেই চরম বিপাকে নামী সংস্থা

ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)-র সরাসরি তোপের মুখে পড়ল দেশের অন্যতম শীর্ষস্থানীয় এফএমসিজি (FMCG) সংস্থা ডাবর (Dabur)। সংস্থার একাধিক জনপ্রিয় ঘি, মধু ও অন্যান্য পণ্য বিক্রির ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা। ফ্যাসাই-এর স্পষ্ট অভিমত, ডাবরের বেশ কয়েকটি পণ্যের প্যাকেজিং এবং বিজ্ঞাপনে যে ‘১০০ শতাংশ খাঁটি’ বা বিশুদ্ধতার দাবি করা হয়, তা সম্পূর্ণ বিভ্রান্তিকর।

ঠিক কী কারণে নিষেধাজ্ঞা?
সোমবার নিয়ন্ত্রক সংস্থা FSSAI জানায়, বিভ্রান্তিকর ‘১০০ শতাংশ’ দাবিসম্পন্ন মধু, অ্যাপল সাইডার ভিনেগার, ভার্জিন কোকোনাট অয়েল (নারকেল তেল), তিলের তেল, গরুর দুধের ঘি, ডাবের জল এবং নারকেলের দুধের মতো পণ্য বিক্রির বিষয়ে ডাবর ইন্ডিয়া লিমিটেডের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আনা হয়েছে।

ফ্যাসাইয়ের পর্যবেক্ষণ অনুযায়ী, ডাবরের অফিসিয়াল ওয়েবসাইট এবং পণ্যের লেবেলে ‘১০০ শতাংশ প্রাকৃতিক’, ‘১০০ শতাংশ বিশুদ্ধ’, ‘১০০ শতাংশ বিশুদ্ধতার নিশ্চয়তা’, ‘১০০ শতাংশ অর্গানিক’ এবং ‘১০০ শতাংশ কচি ডাবের জল’-এর মতো লোভনীয় দাবি করা হচ্ছিল। নিয়ন্ত্রক সংস্থার মতে, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস (অ্যাডভারটাইজিং অ্যান্ড ক্লেইমস) রেগুলেশনস, ২০১৮-এর স্পষ্ট লঙ্ঘন এই ধরনের বিজ্ঞাপনী দাবি।

ফ্যাসাই তদন্তে কী উঠে এসেছে?
নিয়ন্ত্রক সংস্থা সূত্রে জানা গিয়েছে:

অবৈধ লোগো ব্যবহার: ‘ডাবর হিমালয়ান অর্গানিক অ্যাপল সাইডার ভিনেগার’ এবং ‘ডাবর অর্গানিক হানি’-র ক্ষেত্রে বৈধ FSSAI অর্গানিক অনুমোদন ছাড়াই ‘জৈবিক ভারত’ (Jaivik Bharat) লোগো ব্যবহার করা হয়েছিল।

ভুল তথ্যের প্রচার: ‘ডাবর হোমমেড কোকোনাট মিল্ক’-এর ক্ষেত্রেও আপত্তি তোলা হয়েছে, যা “১০০ শতাংশ বিশুদ্ধতা”-র দাবি সহ বাজারজাত করা হচ্ছিল।

বিধিমালার লঙ্ঘন: ২০১৮ সালের বিজ্ঞাপন ও দাবি সংক্রান্ত বিধিমালা অনুযায়ী, মিশ্র খাদ্যপণ্যের ক্ষেত্রে এই ধরনের ঢালাও দাবি করার কোনো আইনি অনুমতি নেই।

জানা গেছে, এর আগেও বিভ্রান্তিকর ‘১০০ শতাংশ’ দাবি বন্ধ করার নির্দেশ দিয়ে ডাবরকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সংস্থার পক্ষ থেকে কোনো সন্তোষজনক সংশোধনমূলক পদক্ষেপ করা হয়নি। এর পরেই এই কড়া পদক্ষেপের পথে হাঁটে নিয়ন্ত্রক সংস্থা।

ডাবরকে কড়া নির্দেশ ও প্রতিক্রিয়া
FSSAI এখন ডাবরকে নির্দেশ দিয়েছে যে, নোটিশে চিহ্নিত খাদ্যপণ্যগুলির পাশাপাশি বিভ্রান্তিকর ‘১০০ শতাংশ’ দাবিসম্পন্ন অন্য সমস্ত খাদ্যপণ্যের বিক্রি অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি, আগামী ১৫ দিনের মধ্যে গৃহীত পদক্ষেপের একটি বিশদ প্রতিবেদনও জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পুরো বিষয়টি নিয়ে ডাবরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা ফ্যাসাই-এর নোটিশ হাতে পেয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়বস্তুগুলো খতিয়ে দেখছে। সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, “আমরা ফ্যাসাই-এর নোটিশ পেয়েছি এবং আমাদের ওয়েবসাইটে উল্লিখিত বিষয়বস্তুগুলো পর্যালোচনা করছি।”

উল্লেখ্য, খাদ্য ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠান এবং ই-কমার্স কোম্পানিগুলোর বিরুদ্ধে স্বচ্ছতা বজায় রাখতে নিয়ন্ত্রক সংস্থাগুলি সম্প্রতি আরও কঠোর হয়েছে এবং সোশ্যাল মিডিয়াকেও এনফোর্সমেন্ট কার্যক্রমের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এর আগে বেশ কিছু অ্যালকোহলযুক্ত পানীয় ও এনার্জি ড্রিংক প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধেও অনুরূপ কড়া পদক্ষেপ করতে দেখা গিয়েছিল ফ্যাসাইকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *