কিয়ারাকে কুরুচিকর আক্রমণ! যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য নিয়ে দ্বিমুখী নীতি, নেটপাড়াকে ধুয়ে দিলেন হুমা কুরেশি

কন্নড় সুপারস্টার যশের আগামী ছবি ‘টক্সিক’ (Toxic)-এর নতুন গান ‘তবাহি’ (Tabaahi) প্রকাশ্যে আসতেই ইন্টারনেটে রীতিমতো ঝড় বয়ে গিয়েছে। পর্দায় কিয়ারা আডবাণী এবং যশের দারুণ রসায়ন যেমন অনেকের মন জয় করেছে, তেমনই আবার কিছু মানুষের চরম বিরক্তির কারণও হয়েছে। গানে কিয়ারার কয়েকটি অন্তরঙ্গ দৃশ্য দেখার পর থেকেই সোশাল মিডিয়ায় অভিনেত্রীকে ঘিরে ট্রোলের বন্যা বয়ে যায়, যেখান থেকে বাদ যাননি তাঁর স্বামী সিদ্ধার্থ মলহোত্রাও! কিন্তু একই দৃশ্যে অভিনয় করা সত্ত্বেও নায়ক যশের দিকে আঙুল তুলছেন না প্রায় কেউই। সমাজ আর নেটপাড়ার এই অদ্ভুত দ্বিমুখী নীতি নিয়ে এবার অত্যন্ত কড়া ভাষায় সরব হলেন সহ-অভিনেত্রী হুমা কুরেশি।
ট্রোলারদের একহাত নিলেন হুমা
ইউটিউবের জনপ্রিয় টক-শো ‘বি আ ম্যান, ইয়ার!’ (Be a Man, Yaar!)-এ এসে এই পুরো বিতর্ক নিয়ে নিজের মনের কথা খোলাখুলি বলেছেন হুমা কুরেশি। কিয়ারার বিরুদ্ধে হওয়া কটাক্ষের কড়া জবাব দিয়ে তিনি সাফ জানান, ট্রোলারদের মানসিকতা নিয়ে মাথা খারাপ করার কোনো মানেই হয় না।
হুমার ক্ষোভভরা মন্তব্য:
“যেসব মন্তব্য করা হচ্ছে, তা অত্যন্ত জঘন্য আর নোংরা। কিন্তু আমি জানি, এই ছবির মেয়েরা এবং ছবির পরিচালক শেষ পর্যন্ত জয়ী হবেন। কটূক্তি করা মানুষদের বোঝানো বা তাদের মানসিকতা বদলানো অসম্ভব। তাই বিতর্কের জবাব আমরা কথা দিয়ে নয়, আমাদের কাজ দিয়েই দেব।”
এই একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমার ভাই তথা অভিনেতা সাকিব সালিম। তিনিও বোনের সুরেই সুর মিলিয়ে জানান, ইন্টারনেটের এই ভার্চুয়াল দুনিয়া মাঝে মাঝে কতটা নির্মম ও পক্ষপাতদুষ্ট হয়ে উঠতে পারে।
প্রশ্ন তুলেছেন সহ-অভিনেতা বেনেডিক্ট গ্যারেটও
শুধু হুমা একা নন, এই ছবিতেই অভিনয় করা ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট গ্যারেট-ও কিয়ারার সমর্থনে গর্জে উঠেছেন। তিনি অত্যন্ত বাস্তব এবং জোরালো একটি প্রশ্ন তুলেছেন। বেনেডিক্টের মতে, “যশও বিবাহিত, তাঁর ঘরেও সন্তান আছে। তবে একই কাজ করার পর পুরুষ অভিনেতার জন্য যদি প্রশংসার জোয়ার বয়, তবে শুধু নারীদের কেন কটু কথা শুনতে হবে?” বেনেডিক্ট মনে করিয়ে দেন, অভিনয় নিছকই একটি পেশা এবং পর্দায় চরিত্র ফুটিয়ে তা ফুটিয়ে তোলাই একজন শিল্পীর আসল কাজ।
ছবির মুক্তির তারিখ ও কাস্ট
গীতিকা মোহনদাস পরিচালিত প্রতীক্ষিত এই ‘টক্সিক’ ছবিটি আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। ‘কেজিএফ’-এর বিশাল সাফল্যের পর এটিই বড় পর্দায় যশের কামব্যাক ছবি। এই মেগা প্রজেক্টে কিয়ারা ও হুমা ছাড়াও নয়নতারা, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্তের মতো জনপ্রিয় অভিনেত্রীদের শক্তিশালী ভূমিকায় দেখা যাবে। এখন দেখার, ট্রোলিং ও বিতর্কের সমস্ত ঝড় সামলে বড় পর্দায় মুক্তির পর দর্শক কীভাবে এই ছবিকে গ্রহণ করেন।