মেয়ের শোকে ফের অন্তরালে তিলোত্তমার মা! আগামী ৭ দিন কারোর সঙ্গেই যোগাযোগ রাখবেন না পানিহাটির বিধায়ক

আরও একটা অগস্ট মাস চলে এল, আর সঙ্গে বয়ে নিয়ে এল সেই দুঃসহ স্মৃতি। দু’বছর আগের ৮ অগস্টের সেই ভয়াবহ রাতে নারকীয় অত্যাচারের শিকার হয়েছিলেন তিলোত্তমা। কর্তব্যরত সেই চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় কেঁপে উঠেছিল গোটা দেশ। আজও মেয়ের বিচারের আশার পথ চেয়ে বসে রয়েছে পরিবার। সময়ের সঙ্গে রাজনৈতিক প্রেক্ষাপট বদলেছে, তিলোত্তমার মা রত্না দেবনাথ আজ পানিহাটির বিজেপি বিধায়ক। তবে একমাত্র সন্তান হারানোর শূন্যতা ও যন্ত্রণা একচুলও কমে নি। আর সেই গভীর শোকের দিনগুলো ঘিরেই এবার বড় সিদ্ধান্ত নিলেন তিনি।

মেয়ে হারানোর সেই ভয়াবহ দিনটি ফিরে আসার আগে সম্পূর্ণ নিঃসঙ্গতা ও একান্তে সময় কাটাতে চান রত্না দেবনাথ। এই ক’টা দিন তিনি সমস্ত যোগাযোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে তিনি এক বার্তায় লিখেছেন, “আমি আপনাদের থেকে সাত দিন আমার ব্যক্তিগত কারণে চেয়ে নিচ্ছি। আগামী সাতদিন আমি ফোনে বা সরাসরি কারও সঙ্গে যোগাযোগ করতে পারব না। কোনও রাজনৈতিক বা সামাজিক অনুষ্ঠানেও উপস্থিত না থাকার আর্জি জানাচ্ছি।”

তবে বিধায়কের ব্যক্তিগত অনুপস্থিতি থাকলেও সাধারণ মানুষের কাজের যাতে ব্যাঘাত না ঘটে, সেদিকেও নজর রাখা হয়েছে। তিনি স্পষ্ট করেছেন, তাঁর জনতার কার্যালয়ে অফিসের কাজকর্ম নির্দিষ্ট নিয়মেই চলবে এবং প্রয়োজনে মানুষ সেখানে যোগাযোগ করতে পারবেন। পরিশেষে তিনি সকলের কাছে এই কদিনের অনুপস্থিতির জন্য মার্জনা চেয়ে নিয়েছেন। আরজি কর কাণ্ডের সেই কালো দিনটির দুই বছর পূর্তির প্রাক্কালে মায়ের এই মনস্তাত্ত্বিক লড়াই ও নিঃসঙ্গতা কাটাতে চাওয়ার সিদ্ধান্ত ফের নাড়া দিয়েছে রাজ্যবাসীকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *