ফোন বদলালেও আর পাসওয়ার্ড নিয়ে চিন্তা নেই! শুধু এক সেলফিতেই খুলবে গুগল অ্যাকাউন্ট?

নতুন ফোন কিনেছেন কিংবা পুরনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড বেমালুম ভুলে গিয়েছেন? এমনকী আপনার টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA কোডও কোনো কারণে কাজ করছে না? এই সমস্ত ঝামেলার দিন এবার শেষ হতে চলেছে। ব্যবহারকারীরা যাতে খুব সহজেই নিজেদের লক হয়ে যাওয়া অ্যাকাউন্ট ফিরে পেতে পারেন কিংবা দ্রুত লগ-ইন (Google Account Recovery) করতে পারেন, তার জন্য এক দুর্দান্ত ও নতুন ফিচার নিয়ে এল গুগল। এই অভিনব ফিচারের নাম দেওয়া হয়েছে ‘সেলফি ভিডিয়ো ভেরিফিকেশন’ (Selfie Video Verification)। ঠিক কীভাবে কাজ করবে এই প্রযুক্তি এবং এর মাধ্যমে কীভাবে আপনি অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে পারবেন, একনজরে দেখে নিন।
কী এই নতুন ‘সেলফি ভিডিয়ো ভেরিফিকেশন’ ফিচার?
গুগলের এই নয়া ফিচারের মূল উদ্দেশ্য হলো পরিচয় সুনিশ্চিত করা। এর মাধ্যমে ব্যবহারকারীকে মোবাইল বা কম্পিউটারের ফ্রন্ট ক্যামেরা অন করে নিজের মুখের একটি ছোট লাইভ ভিডিও রেকর্ড করতে হবে। এরপর গুগল সেই সদ্য তোলা ভিডিওটির সঙ্গে আগে থেকে তাদের সিস্টেমে বা ক্লাউডে সেভ করে রাখা রেফারেন্স ভিডিওর সঙ্গে মিলিয়ে দেখবে। তথ্য হুবহু মিলে গেলে গুগল নিশ্চিত হবে যে, অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করা ব্যক্তিটি অন্য কেউ নন, বরং খোদ আসল অ্যাকাউন্ট হোল্ডার।
কীভাবে কাজ করবে এই ভেরিফিকেশন পদ্ধতি?
ফিচারটি সেট-আপ করার সময় ব্যবহারকারীকে ডিভাইসের ক্যামেরার দিকে তাকিয়ে স্ক্রিনে ভেসে ওঠা কিছু সাধারণ নির্দেশ অনুসরণ করতে হবে।
যেমন, আপনাকে মাথা সামান্য ডান-বাঁ দিকে বা ওপর-নিচে ঘোরাতে বলা হতে পারে। এই ছোট ছোট নড়াচড়াই আপনার আসল পরিচয় যাচাই করতে সাহায্য করবে।
প্রযুক্তিগতভাবে দেখলে, অ্যাপলের ‘ফেস আইডি’ (Face ID)-র মতো হলেও এর জন্য কোনো বিশেষ ইনফ্রারেড বা দামি হার্ডওয়্যারের প্রয়োজন হয় না, যেকোনো সাধারণ স্মার্টফোনের ক্যামেরা দিয়েই এটি কাজ করবে।
ডিপফেক বা জালিয়াতি ঠেকাতে রয়েছে বিশেষ কবচ
সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই পদ্ধতিতে কি সাইবার জালিয়াতি বা ডিপফেকের ঝুঁকি রয়েছে? গুগলের দাবি, এই ফিচারটিতে অত্যন্ত শক্তিশালী কিছু নিরাপত্তা স্তর বা সিকিউরিটি লেয়ার রাখা হয়েছে।
অ্যাকাউন্ট রিকভারি বা লগ-ইনের সময় যে লাইভ সেলফি ভিডিও রেকর্ড করতে হবে, তা যাচাই করে সিস্টেম সহজেই ধরে ফেলবে এটি কোনো পুরনো রেকর্ড করা ছবি, ভিডিও কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) দিয়ে তৈরি কোনো ডিপফেক (Deepfake) কি না।
অর্থাৎ, কোনো রকম জালিয়াতির সুযোগ এখানে থাকছে না।
কতটা সুরক্ষিত আপনার ভিডিও?
গুগল আশ্বাস দিয়েছে যে, ব্যবহারকারীর গোপনীয়তা ও নিরাপত্তার বিষয়টি সম্পূর্ণ বজায় রাখা হবে। আপনার রেফারেন্স সেলফি ভিডিওটি সুরক্ষিতভাবে ক্লাউডে সংরক্ষিত থাকবে। তবে ব্যবহারকারী চাইলে যেকোনো সময় গুগল অ্যাকাউন্ট সেটিংস থেকে এই ভিডিওটি ডিলিট করে দিতে পারেন। এই ভিডিওটি মূলত সাইন-ইন যাচাইয়ের কাজেই ব্যবহার করা হবে।
এই সুবিধাটি কখন এবং কীভাবে পাবেন?
গুগল ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে এই ‘সেলফি ভিডিয়ো ভেরিফিকেশন’ ফিচারটি রোল-আউট করতে শুরু করেছে। আপনি যদি এই সুবিধাটি আপনার অ্যাকাউন্টে পেতে চান এবং তা চালু করতে চান, তবে সরাসরি g.co/signin-selfie লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন যে আপনার অ্যাকাউন্টে এই ফিচারটি উপলব্ধ হয়েছে কি না।