“গাড়ির ইঞ্জিন নষ্ট হচ্ছে, কমছে মাইলেজ!” E20 পেট্রোলের বিরোধিতায় উত্তাল হতে চলেছে দিল্লি

দেশজুড়ে নিট (NEET) বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার রাজধানী দিল্লিতে আরও এক বড় আন্দোলনের হুংকার। ইথানল মিশ্রিত পেট্রোল বা ই২০ (E20) জ্বালানি চালুর তীব্র বিরোধিতায় আগামী ৪ আগস্ট সংসদ অভিযানের ডাক দিল ‘দিল্লি ট্যাক্সি অ্যান্ড ট্যুরিস্ট ট্রান্সপোর্টার্স অ্যান্ড ট্যুর অপারেটর্স অ্যাসোসিয়েশন’। এই কর্মসূচিকে কেন্দ্র করে আগামী দিনে রাজনৈতিক ও পরিবহন মহলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কেন এই প্রতিবাদের ডাক?
শুক্রবার সংগঠনের পক্ষ থেকে একটি বিশেষ সাংবাদিক বৈঠক করে এই আন্দোলনের কথা ঘোষণা করা হয়। বৈঠকে সংগঠনের সভাপতি সঞ্জয় সম্রাট হাতে আখের ছিবড়ে বা আস্ত আখ নিয়ে উপস্থিত হয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানান।
পরিবহন ব্যবসায়ীদের দাবি, ই২০ জ্বালানি ব্যবহারের ফলে দেশের বিভিন্ন প্রান্তের গাড়ি মালিক ও ব্যবসায়ীরা মারাত্মক সমস্যার মুখে পড়ছেন। এই জ্বালানি ব্যবহারের জেরে গাড়ির মাইলেজ উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে, গাড়ির যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের খরচ অতিরিক্ত বেড়ে চলেছে এবং সার্বিকভাবে ইঞ্জিনের কর্মক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
পুরনো গাড়ির ক্ষেত্রে বড় বিপত্তি
সংগঠনের স্পষ্ট বক্তব্য, ২০১৫ সালের আগের মডেলের বহু গাড়ি ২০ শতাংশ ইথানল মিশ্রিত এই পেট্রোল ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়নি। মূলত নতুন প্রজন্মের কিছু নির্দিষ্ট মডেলের গাড়ির জন্যই এই ধরনের জ্বালানি প্রযোজ্য। কিন্তু জোর করে সব ধরনের গাড়িতে এই জ্বালানি চাপিয়ে দেওয়ার ফলে সাধারণ গাড়িমালিক ও বাণিজ্যিক বাহন চালকরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
আর এই সমস্ত ক্ষোভ ও বঞ্চনাকে সামনে রেখেই আগামী ৪ আগস্ট সংসদ ভবনের দিকে চলো অভিযানের ডাক দিয়েছে পরিবহণ ব্যবসায়ীদের এই সংগঠন। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেটাই দেখার।