কাঞ্চন দ্বিতীয়বার বাবা হতেই বিয়ের ‘ডেডলাইন’ ঘোষণা রুদ্রনীলের! কী বললেন বিজেপি বিধায়ক?

রাজনীতির ময়দানে তাঁরা একে অপরের বিরোধী হলেও সেলুলয়েডের পর্দা এবং বাস্তবের বন্ধুত্বে কাঞ্চন মল্লিক ও রুদ্রনীল ঘোষের সমীকরণ অত্যন্ত গভীর। রাজনীতি থেকে সাময়িক দূরত্ব তৈরি করে কাঞ্চন এখন পুরোপুরি মনোনিবেশ করেছেন পরিবার ও অভিনয়ে। এর মাঝেই কাঞ্চন ফের বাবা হওয়ার খবর পেতেই বেজায় খুশি বিজেপি বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। শুধু তাই নয়, বন্ধুর এই খুশিতে নিজের বিয়ের দিনক্ষণ নিয়েও বড় ঘোষণা করে ফেললেন তিনি।
কাঞ্চনকে নিয়ে কী বললেন রুদ্রনীল?
কাঞ্চন মল্লিকের বাবা হওয়ার খবর প্রকাশ্যে আসতেই টিভি নাইন বাংলার মুখোমুখি হন রুদ্রনীল ঘোষ। বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “অত্যন্ত আনন্দের খবর। মা যেন ভালো থাকে, তাঁর শরীর যেন ভালো থাকে—এটা আমাদের সবারই কামনা থাকে। যদি কেউ সন্তানের মা হন, তখন তাঁর ঝুঁকিটা তো বেশি থাকে। আর বাবা হিসেবে কাঞ্চনের উপর চাপ বাড়ল।”
পাশাপাশি কাঞ্চনের পর্দার ইমেজ ও বাস্তব জীবনের ফারাক বোঝাতে গিয়ে রুদ্রনীল আরও বলেন, “আমরা অনেকেই উপর থেকে কাঞ্চনকে যেহেতু তাঁর মজার অভিনয় দিয়ে বিচার করি—সে তো আসলে তেমনটা নয়। ওটা তার অভিনয়ের ধরন। ব্যক্তি মানুষ হিসেবে সে কিন্তু যথেষ্ট রকম সিরিয়াস। তো যাই হোক, বাবা-মা দুজনেই সুস্থ থাকুক এবং তাদের সন্তানদের সুস্থ করে বড় করুক এই নতুন পশ্চিমবঙ্গে। এই শুভেচ্ছা রইল।”
কবে বিয়ে করছেন রুদ্রনীল?
টলিউডে কারও বিয়ে বা সুখবর এলেই অনুরাগীদের অনুরাগ থাকে রুদ্রনীল ঘোষের বিয়ে নিয়ে। তবে প্রতিবারই বিভিন্ন রসিকতা ও টালবাহানায় সেই প্রশ্ন এড়িয়ে যান এই ব্যাচেলর অভিনেতা। তবে এবার কাঞ্চন দ্বিতীয়বার বাবা হওয়ার আনন্দ পেতেই তাঁকে সোজা প্রশ্ন করা হয়, আপনার বিয়ে কবে?
এর উত্তরে টিভি নাইন বাংলাকে একদম সাফ জানিয়ে দিয়েছেন রুদ্রনীল। তাঁর রসিকতাভরা অথচ স্পষ্ট জবাব, “আমি কাঞ্চনের প্রথম সন্তানের পাকা দেখা হবার পরেই বিয়েটা করে নেব। কথা দিচ্ছি।”
কাঞ্চন-শ্রীময়ীর পরিবারে নতুন অতিথি
উল্লেখ্য, ২০২৪ সালের ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আইনি বিয়ে এবং মার্চ মাসে জমকালো আয়োজনে সামাজিক বিবাহ সেরেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। এরপর ২০২৪ সালের নভেম্বর মাসে তাঁদের কোল আলো করে জন্ম নেয় প্রথম কন্যা সন্তান কৃষভি। এমনকি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজনীতি থেকে দূরে সরে নিজের অভিনয় ও পরিবারকে সময় দেওয়ার ঘোষণা করেছিলেন কাঞ্চন। এবার সেই পরিবারেই আরও এক নতুন সদস্য আসার খবরে মেতেছে মল্লিক পরিবার, আর সেই খুশির রেশ ধরেই এবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বসলেন রুদ্রনীল।