“যে দলেই যান, সেই দলই ডুবে যায়!” ধর্মতলাকাণ্ডে কুণাল ঘোষ ও প্রতীক উর রহমানকে চরম আক্রমণ দিলীপের

কলকাতায় ছাত্র আন্দোলনের নামে নজিরবিহীন বিশৃঙ্খলা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান রাজনৈতিক নেতা দিলীপ ঘোষ। একই সঙ্গে কুণাল ঘোষ এবং প্রতীক উর রহমানকে তীব্র কটাক্ষ করে সাফ জানিয়ে দিয়েছেন, অন্যায় করলে কাউকে একচুলও ছাড়বে না প্রশাসন।
ছাত্র আন্দোলনের নামে চলা এই তাণ্ডব প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই স্পষ্ট করে দিয়েছেন যে যারা অন্যায় করেছে, গুন্ডা দমন আইনে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতারি শুরু হয়েছে, আগামী দিনে আরও হবে। পশ্চিমবঙ্গে এই ধরনের গুন্ডামি আর বরদাস্ত করা হবে না।”
এদিকে কুণাল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ কড়া ভাষায় বলেন, “কুণাল ঘোষ নিজে হিরো হওয়ার চেষ্টা করছেন। বিধানসভায় নানা কাণ্ডকারখানা করে খবরের শিরোনামে থাকতে চান এবং বাইরে এসে চটকদার স্টেটমেন্ট দেন। এই ধরনের রাজনীতি করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য কখনই কিছু করা সম্ভব নয়। পুলিশ সবাইকে নিয়ম মেনে কাজ করার অনুমতি দিলেও আপনারা রাস্তায় নেমে ঝামেলা পাকাচ্ছেন এবং মানুষকে হেনস্থা করছেন।”
পাশাপাশি প্রতীক উর রহমানকে আক্রমণ করে তিনি বলেন, “উনি নিজে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন কেন দিচ্ছেন না? এত বড় নেতা যে দলেই যাচ্ছেন, সেই দলই ডুবে যাচ্ছে। এখন এই ছাত্র আন্দোলনকে আঁকড়ে ধরে রাজনৈতিকভাবে বেঁচে থাকার চেষ্টা করছেন। তবে আইন আইনের পথেই চলবে এবং পুলিশ নিজের কাজ করবে।” কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রসঙ্গে তাঁর মন্তব্য, সরকার পরিস্থিতি বিচার করে এবং আলোচনার মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান করছে। শেষ পর্যন্ত দেশের মানুষ এই ধরনের উৎপাতকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে বলেই কুণাল-প্রতীকদের এই ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি।