বাঁকুড়ায় কাটমানি ও তোলাবাজির রাজত্ব শেষ! পুলিশের জালে তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি বারাণসী গড়াই

রাজ্যের একাধিক জেলায় অপরাধমূলক কর্মকাণ্ডে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। আর্থিক প্রতারণা, সরকারি প্রকল্পে কাটমানি আদায় এবং তোলাবাজির একাধিক অভিযোগে বাঁকুড়ার শালতোড়া থানার প্রাক্তন অঞ্চল সভাপতি বারাণসী গড়াইকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি, পঞ্চায়েত নির্বাচনে অশান্তি সৃষ্টি এবং বিজেপি বিধায়কের গাড়িতে হামলার মতো গুরুতর মামলায় জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
অন্যদিকে, জমি দখল ও তোলাবাজির অভিযোগে পুরুলিয়ায় জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরীটী আচার্যকে গ্রেফতার করেছে পাড়া থানার পুলিশ। ইতিমধ্যে তাঁকে রঘুনাথপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
এদিকে দুর্নীতির বিরুদ্ধে আরও এক বড়ো সাফল্য অর্জন করেছে সিবিআই। চাকরি দেওয়ার নামে ৪ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দক্ষিণ-পূর্ব রেলওয়ের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সত্যম কুমারকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে নেমে ওই রেল আধিকারিক সহ এমআরটি সিগন্যালস লিমিটেডের আরও দুই আধিকারিককে মোট তিনজনকে পাকড়াও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধারাবাহিক এই গ্রেফতারির জেরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।