নিটকাণ্ডে মোদীর ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা! পালটা ইস্তফার দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এবং দেশজুড়ে চলা তীব্র বিক্ষোভের আবহে এই প্রথমবার বড় প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি ঘোষণা করেছেন যে, পেপার লিক কাণ্ডে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ‘ফাস্ট-ট্র্যাক কোর্ট’ (Fast-Track Court) গঠন করবে। তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেও আন্দোলন থামার কোনো লক্ষণ নেই; পালটা আক্রমণ শানিয়েছে ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)।

সিজেপি-র পালটা হুংকার ও সুপ্রিম কোর্টের ধাক্কা
প্রধানমন্ত্রীর এক্স পোস্টের পরেই সিজেপি-র পক্ষ থেকে পালটা পোস্টে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, “ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে।” এদিকে, দিল্লির যন্তর মন্তরে ছাত্র-যুবদের ধারাবাহিক বিক্ষোভ এবং গত সোমবারের সংসদ অভিযান ঘিরে চলা পুলিশি দমনপীড়নের অভিযোগে উত্তাল হয়েছে সংসদের বাদল অধিবেশন। তবে ককরোচ জনতা পার্টির সেই সংসদ অভিযানে ‘পুলিশি জুলুম’-এর অভিযোগে করা জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, আবেদনকারী আইনজীবী যেন আদালতের সময় নষ্ট না করেন।

রাজনৈতিক লড়াই তুঙ্গে
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নির্যাতিত শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি থেকে একচুলও নড়ছে না বিরোধী শিবির। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই দাবিগুলির বিষয়ে তাঁরা কোনো আপোস করবেন না। অন্যদিকে, বিরোধীদের এই দাবি সরাসরি খারিজ করে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা। সবমিলিয়ে, নিট প্রশ্নফাঁস এবং রাজনৈতিক সংঘাতে সরগরম জাতীয় রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *