৩ কোটির বেশি খরচ, কাজের মেয়াদ ফুরোতেই লাপাত্তা ঠিকাদার! জগাখিচুড়ি কাণ্ডে ধুন্ধুমার ঝাড়গ্রামের বিনপুরে!

প্রায় সাড়ে ৪ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ একটি রাস্তা সংস্কারের কাজ কাগজে-কলমে শেষ হলেও বাস্তবে তার চেহারায় রয়েছে চরম বেহাল দশা। রাস্তার পাশে সরকারি বোর্ড বলছে, ২০২৫ সালের এপ্রিলে শুরু হওয়া এই সংস্কারের কাজ শেষ হয়েছে চলতি বছরের ১ এপ্রিল। অথচ বর্ষার শুরুতেই সামান্য বৃষ্টিতে রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। ঝাড়গ্রামের বিনপুর এলাকার এই ঘটনায় ঠিকাদার সংস্থার বিরুদ্ধে দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
সরকারি বোর্ডে কি লেখা রয়েছে?
বিনপুর ২ ব্লকের নারায়ণপুর থেকে ঝাড়খণ্ডে ঢোকার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কারের দায়িত্ব পেয়েছিল ‘মাইতি কনস্ট্রাকশন’ নামক একটি ঠিকাদার সংস্থা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের অধীনে হওয়া এই কাজের জন্য বরাদ্দ হয়েছিল ৩ কোটি ২৮ লক্ষ টাকারও বেশি। গত এপ্রিলে কাজ শেষের সরকারি বোর্ড টাঙিয়েই ঠিকাদার সংস্থা পাততাড়ি গুটায়। এছাড়া আগামী পাঁচ বছর রাস্তার রক্ষণাবেক্ষণের জন্য আরও ৪০ লক্ষ ৪১ হাজার টাকা বরাদ্দ রয়েছে এবং তারও দায়িত্ব ওই সংস্থার ওপরই বর্তায়।
স্থানীয়দের ক্ষোভ ও অভিযোগ
বাসিন্দাদের অভিযোগ, ঠিকাদার সংস্থা চরম গাফিলতি ও দুর্নীতি করে কাজ অসম্পূর্ণ রেখেই উধাও হয়ে গেছে। অল্প বৃষ্টিতেই রাস্তার ওপর থাকা দুটি কজওয়েতে জল জমে যাওয়ায় সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকা। ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কোনো সহযোগিতা করছেন না বলে অভিযোগ। স্থানীয়দের ক্ষোভ, “সামান্য বৃষ্টিতেই পিচের কোনো আস্তরণ না থাকা এই রাস্তাটি সম্পূর্ণ জলের তলায় চলে যাচ্ছে। সরকারি টাকা আত্মসাৎ করার জন্যই মাঝপথে ঠিকাদার পালিয়ে গেছে।”
এই রাস্তার ওপর দিয়েই যাতায়াত করেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি চিন্ময় মাহাতো (বুবাই)। এলাকাবাসীর একাংশের অভিযোগ, এই দুর্নীতির পেছনে ওই নেতার কাটমানি নেওয়ার ভূমিকা রয়েছে। যদিও এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পাশাপাশি, টিভি৯ বাংলার পক্ষ থেকে ঠিকাদার সংস্থার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে চাননি।
রাজনৈতিক তরজা তুঙ্গে
পুরো ঘটনাটি নিয়ে শাসকদলকে একহাত নিয়েছেন বিনপুরের বিজেপি বিধায়ক প্রণত টুডু। তিনি অভিযোগ করে বলেন, “গত ১৫ বছর ধরে যত কাজ হয়েছে, সবেতেই গলদ এবং তা অসমাপ্ত। এই বেহাল রাস্তাগুলো দ্রুত সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলা হবে।”