নতুন আইনি বিপাকে কেষ্ট! শিক্ষক নিয়োগের টাকা নিয়ে প্রতারণার মামলায় নাম জড়াল অনুব্রতর

আইনি জালে আরও জড়িয়ে পড়ছেন বীরভূমের প্রাক্তন দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। ইটভাটা লুট মামলার রেশ কাটতে না কাটতেই, এবার সরাসরি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়াল। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আদালতে পুলিশের রিপোর্ট: চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছিল আগেই। সেই অভিযোগের ভিত্তিতে সিউড়ি জেলা আদালতের নির্দেশে সিউড়ি থানার পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করে। সোমবার সেই সংক্রান্ত তদন্ত রিপোর্ট সিউড়ি আদালতে পেশ করেছে পুলিশ। জানা গিয়েছে, এই মামলায় অনুব্রত মণ্ডল ও জীবনকৃষ্ণ সাহা সহ মোট ৬ জনের নাম রয়েছে।

কেন এই নতুন মামলা? অভিযোগ উঠেছে, প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বহু মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়েছিল। এই আর্থিক প্রতারণা চক্রের সঙ্গে অনুব্রত মণ্ডল ও জীবনকৃষ্ণ সাহার সরাসরি যোগ রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। আদালত ওই অভিযোগের গুরুত্ব বুঝে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ মেনেই পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে।

বাড়ছে অস্বস্তি: এর আগেই বিভিন্ন দুর্নীতি মামলায় অনুব্রত মণ্ডলের নাম জড়িয়েছে। কিন্তু শিক্ষক নিয়োগের মতো সংবেদনশীল ঘটনায় তাঁর নাম জড়ানোয় নতুন করে অস্বস্তিতে পড়েছেন তিনি। জীবনকৃষ্ণ সাহার সঙ্গে তাঁর নাম একযোগে আসায় এই দুর্নীতির পরিধি কতটা ব্যাপক, তা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী মহল।

এখন আদালতের নির্দেশে পুলিশি তদন্ত কোন দিকে মোড় নেয় এবং এই মামলার পরবর্তী শুনানিতে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে সকলের।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *