“সমকামীরা সমাজের কী ভালো করছে?” অনুরাধা পড়োয়ালের মন্তব্যে তোলপাড় নেটপাড়া

নিজের গায়কী ও ভক্তিগীতির জন্য দেশজুড়ে জনপ্রিয় গায়িকা অনুরাধা পড়োয়াল। কিন্তু এবার গানের জগত নয়, বরং তাঁর ব্যক্তিগত মতামতের জেরে শিরোনামে উঠে এলেন ৭১ বছর বয়সী এই শিল্পী। শুভঙ্কর মিশ্রের পডকাস্টে এসে LGBTQ+ সম্প্রদায় এবং সমকামী অধিকার নিয়ে করা তাঁর মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা ও সমালোচনা।

কী বলেছিলেন গায়িকা? পডকাস্টে পারিবারিক মূল্যবোধ নিয়ে আলোচনা করার সময় অনুরাধা পড়োয়াল সমকামী অধিকারের তীব্র বিরোধিতা করেন। তাঁর মতে, আধুনিক সমাজে বিয়ের যে পবিত্রতা ছিল তা আজ হারিয়ে গিয়েছে, আর এর নেপথ্যে রয়েছে সমকামী সম্প্রদায়কে দেওয়া আইনি ও সামাজিক অধিকার। তিনি সরাসরি প্রশ্ন তোলেন, “সমাজে এদের অবদান ঠিক কী?”

শুধু তাই নয়, তিনি এই সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেন, “ছেলে-মেয়ের বিয়ে এবং পরিবার গঠনই এতদিন স্বাভাবিক নিয়ম হিসেবে চলে এসেছে। কিন্তু এই সমকামী সমাজ সমাজের কী ভালো করছে?” একইসঙ্গে তিনি ডিভোর্স ও লিভ-ইন রিলেশনশিপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন যে, এসবের ফলে সন্তানদের মানসিক বিকাশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

সোশ্যাল মিডিয়ায় রোষ: অনুরাধা পড়োয়ালের এই মন্তব্য নিমেষেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের একটি বড় অংশ গায়িকার এই চিন্তাধারাকে ‘পুরনো আমলের’, ‘সংকীর্ণ’ এবং ‘অসংবেদনশীল’ বলে কটাক্ষ করেন। অনেকই মনে করছেন, একজন জনপ্রিয় শিল্পী হিসেবে এই ধরনের মন্তব্য সমাজে বৈষম্য ও ঘৃণা ছড়াতে পারে।

গায়িকার ব্যাখ্যা: তীব্র সমালোচনার মুখে পড়ে শেষমেশ নিজের অবস্থান পরিষ্কার করেছেন গায়িকা। সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে তিনি দাবি করেছেন, তাঁর কথাকে প্রসঙ্গের বাইরে নিয়ে গিয়ে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। তিনি লিখেছেন, “আমি কেন, দেশের প্রতিটি নাগরিকই বোঝেন যে, পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের শিক্ষিত ও প্রগতিশীল হতে হবে। আমি সবসময়ই তার পক্ষে। এই দেশে আমাদের প্রত্যেকেরই সম্মানজনক ভাবে নিজের মতামত প্রকাশের অধিকার রয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *