মাসে কত লিটার তেল লাগে পরিবারে? হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে বিশেষজ্ঞের সতর্কতা

রসনা তৃপ্তির চক্করে তেল ব্যবহারের ক্ষেত্রে আমরা অনেকেই উদাসীন। কিন্তু চিকিৎসকদের মতে, অতিরিক্ত তেল সরাসরি হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। ফরিদাবাদের মারেঙ্গো এশিয়া হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ডিরেক্টর ড. গজিন্দর কুমার গোয়েলের দেওয়া তথ্যের ভিত্তিতে তেলের সঠিক ব্যবহারের নিয়মগুলি নিচে আলোচনা করা হলো:

তেল ব্যবহারের নিরাপদ হিসেব: একজন সুস্থ মানুষের সারাদিনে ৩ থেকে ৪ চামচ (১৫-২০ মিলি) তেল খাওয়াই যথেষ্ট। সেই হিসেবে:

  • দিনে: ১৫–২০ মিলি

  • সপ্তাহে: ১০৫–১৪০ মিলি

  • মাসে: ৫০০–৬০০ মিলি

পরিবারের জন্য বরাদ্দ: চিকিৎসকদের মতে, চারজনের একটি সুস্থ পরিবারে মাসে সর্বোচ্চ ২ লিটার তেল খরচ হওয়া উচিত। অথচ অধিকাংশ পরিবারে মাসে ৫ থেকে ১০ লিটার তেল ব্যবহার করা হয়, যা অত্যন্ত উদ্বেগজনক।

কোন তেল স্বাস্থ্যের জন্য ভালো?

  • সর্ষের তেল: ভারতীয় রান্নার উচ্চ তাপমাত্রার জন্য ঘানি ছাঁটা সর্ষের তেল সবথেকে উপযোগী, কারণ এর ‘স্মোক পয়েন্ট’ বেশি।

  • সূর্যমুখী তেল: এটিও রান্নার জন্য ভালো।

  • অলিভ অয়েল: অলিভ অয়েল কড়া আঁচে রান্নার জন্য উপযুক্ত নয়। এটি কেবল কম আঁচে রান্না বা স্যালাডের জন্য ব্যবহার করা উচিত।

  • রিফাইন তেলের সতর্কতা: রিফাইন তেল তৈরির প্রক্রিয়ায় উচ্চ তাপমাত্রা ও রাসায়নিকের ব্যবহারের ফলে এর গুণাগুণ নষ্ট হয় এবং খারাপ কোলেস্টেরল (LDL) বৃদ্ধি পায়, যা ধমনী ব্লক করার প্রধান কারণ।

অতিরিক্ত তেলের কুফল: রোজকার খাবারে অতিরিক্ত তেল ব্যবহারের ফলে স্থূলতা, রক্তে শর্করার তারতম্য, উচ্চ রক্তচাপ এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পায়। হৃদরোগীদের ক্ষেত্রে সতর্কবার্তা আরও কড়া—তাঁদের সারা মাসে ৭৫০ মিলিলিটারের বেশি তেল ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *