ওয়াই-ফাই রাউটার কি হ্যাকারদের দখলে? যে ৩টি সংকেত দেখে সাবধান হবেন

বাড়ির ওয়াই-ফাই রাউটার বর্তমানে আমাদের ডিজিটাল জীবনের প্রধান প্রবেশদ্বার। স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট টিভি কিংবা ব্যাংকিং অ্যাপ—সবই এর মাধ্যমে ইন্টারনেটে যুক্ত। কিন্তু সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, অবহেলার কারণে আমাদের এই রাউটারই হ্যাকারদের প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠছে। রাউটার হ্যাক হলে আপনার ব্যক্তিগত ছবি, পাসওয়ার্ড, এমনকি ব্যাংকিং তথ্যও চুরি হতে পারে।
রাউটার হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে:
১. ইন্টারনেটের অস্বাভাবিক ধীরগতি: কোনো কারণ ছাড়াই ইন্টারনেটের গতি যদি হঠাৎ কমে যায়, তবে বুঝতে হবে আপনার ব্যান্ডউইথ অন্য কেউ ব্যবহার করছে। হ্যাকাররা অনেক সময় বড় ফাইল ডাউনলোড, অবৈধ সাইবার হামলা বা ম্যালওয়্যার ছড়ানোর জন্য আপনার নেটওয়ার্ক ব্যবহার করে। রাউটারে লগইন করে ডাটা ট্রাফিক পরীক্ষা করুন।
২. অচেনা ডিভাইসের উপস্থিতি: আপনার পরিবারের সদস্য নয়, এমন কোনো ডিভাইস বা ল্যাপটপ যদি রাউটারের নেটওয়ার্কে যুক্ত থাকে, তবে তা বড় আশঙ্কার বিষয়। রাউটারের ‘ডিভাইস লিস্ট’ বা ‘ডিএইচসিপি ক্লাইন্টস’ অপশনে নিয়মিত চেক করুন। অপরিচিত ডিভাইস দেখলেই সেটি দ্রুত ব্লক করুন এবং ওয়াই-ফাই পাসওয়ার্ড বদলে ফেলুন।
৩. সেটিংসের স্বয়ংক্রিয় পরিবর্তন: আপনি না চাইলেও যদি রাউটারের ওয়াই-ফাই নাম, ডিএনএস (DNS) সেটিংস বা অ্যাডমিন পাসওয়ার্ড বদলে যায়, তবে নিশ্চিত হোন যে আপনার রাউটার হ্যাকারদের কবলে। হ্যাকাররা ডিএনএস পরিবর্তন করে আপনাকে নকল বা ফিশিং ওয়েবসাইটে পাঠাতে পারে, যেখানে লগইন করলেই আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাবে।
হ্যাক হওয়া রাউটারের ভয়ংকর পরিণতি: একটি হ্যাক হওয়া রাউটারের মাধ্যমে হ্যাকাররা আপনার স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড সংগ্রহ করতে পারে এবং আপনার নেটওয়ার্ক ব্যবহার করে গুরুতর সাইবার অপরাধ ঘটাতে পারে।
নিজেদের সুরক্ষিত রাখার উপায়:
-
পাসওয়ার্ড বদলান: রাউটারের ডিফল্ট ইউজারনেম ও পাসওয়ার্ড আজই পরিবর্তন করুন। শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন।
-
আপডেট রাখুন: নিয়মিত রাউটারের ফার্মওয়্যার (Firmware) আপডেট করুন।
-
সতর্কতা: অপ্রয়োজনীয় ডব্লিউপিএস (WPS) এবং ‘রিমোট ম্যানেজমেন্ট’ অপশন বন্ধ রাখুন।
-
গেস্ট নেটওয়ার্ক: অতিথিদের জন্য আলাদা ‘গেস্ট নেটওয়ার্ক’ তৈরি করুন।
-
ফ্যাক্টরি রিসেট: সন্দেহ হলে রাউটারে ফ্যাক্টরি রিসেট দিয়ে নতুন করে কনফিগার করুন।
ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তার কোনো বিকল্প নেই। তাই নিয়মিত রাউটারের সেটিংস চেক করার অভ্যাস গড়ে তুলুন, যা আপনার ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষিত রাখতে সাহায্য করবে।