অসাবধানতায় বিপদ! সামান্য স্ক্র্যাচ পড়া নন-স্টিক প্যানে রান্না মানেই শরীরে প্লাস্টিক গ্রহণ?

রান্নাঘরের অপরিহার্য সঙ্গী হিসেবে পরিচিত নন-স্টিক কড়াই বা প্যান এখন স্বাস্থ্যঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব নিউজিল্যান্ডের গবেষকদের সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—নন-স্টিক প্যানে সামান্য স্ক্র্যাচ বা আঁচড় পড়লেই তা আমাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক বিপজ্জনক হয়ে উঠতে পারে।

কতটা প্লাস্টিক মিশছে খাবারে?
গবেষণায় দেখা গিয়েছে, নন-স্টিক প্যানের কোটিং-এ একটি মাত্র ছোট ফাটল থেকেও রান্নার সময় প্রায় ৯,১০০টি মাইক্রোপ্লাস্টিক কণা খাবারের সঙ্গে মিশে যেতে পারে। আর যদি আস্তরণটি কিছুটা উঠে যায়, তবে সেই সংখ্যা ২৩ লক্ষ ছাড়িয়ে যেতে পারে! এই কণাগুলো মানুষের চুলের চেয়েও ১,০০০ গুণ পাতলা হওয়ায় খালি চোখে ধরা পড়ে না।

কেন এই প্লাস্টিক ভয়ংকর?
অধিকাংশ নন-স্টিক প্যানে ‘টেফলন’ বা পলিটেট্রাফ্লুরোইথিলিন (PTFE) নামক আস্তরণ থাকে, যা PFAS বা ‘ফরএভার কেমিক্যালস’ শ্রেণির অন্তর্গত। ইপিএ (EPA)-এর গবেষণা অনুযায়ী, এই রাসায়নিকের সংস্পর্শে এলে প্রজনন ক্ষমতা হ্রাস, শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া এবং ক্যানসারের মতো মারণব্যাধির ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

স্বাস্থ্যঝুঁকি এড়াতে যা করবেন:
১. চামচ নির্বাচনে সাবধান: নন-স্টিক প্যানে রান্না করার সময় স্টিল বা লোহার খুন্তি ব্যবহার করবেন না। সর্বদা সিলিকন, কাঠের বা প্লাস্টিকের চামচ ব্যবহার করুন।
২. বাসন রাখার পদ্ধতি: প্যানগুলো ক্যাবিনেটে স্তূপ করে রাখার অভ্যাস ত্যাগ করুন। একটার ওপর একটা প্যান রাখার সময় মাঝখানে নরম কাপড় বা পেপার টাওয়েল দিন যাতে স্ক্র্যাচ না পড়ে।
৩. ধোয়ার নিয়ম: বাসন ধোয়ার সময় ভুলেও স্টিলের স্ক্রাবার ব্যবহার করবেন না। এতে আস্তরণ দ্রুত নষ্ট হয়।
৪. কবে বাতিল করবেন? প্যানের কোটিং চটে গেলে, রঙ বদলে গেলে কিংবা স্পষ্ট আঁচড় দেখা দিলে সেটি অবিলম্বে ফেলে দিন।
৫. বিকল্প ব্যবহার: প্রতিদিনের ভারী রান্নার জন্য স্টেইনলেস স্টিল বা কাস্ট আয়রনের কড়াই ব্যবহার করাই স্বাস্থ্যসম্মত। হালকা কাজের জন্য নন-স্টিক প্যান রাখুন।

সুস্থ থাকতে এখন থেকেই আপনার রান্নাঘরের অভ্যাসে ছোট ছোট পরিবর্তন আনা জরুরি। সাধের নন-স্টিক প্যানটি কি এখনও ব্যবহারের উপযুক্ত? আজই পরীক্ষা করে দেখুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *