বাজেটেই এবার প্রিমিয়াম ফিটনেস ট্র্যাকার! হুউপ-কে টেক্কা দিতে বাজারে আসছে Noise-এর নতুন ডিভাইস

কাজের চাপ আর ব্যস্ততার মাঝে শরীরের যত্ন নেওয়া অনেকের কাছেই বিলাসিতা। সঠিক ঘুম বা শরীরের অন্যান্য প্যারামিটার নিয়মিত পরীক্ষা করাও সময়সাপেক্ষ। যদিও হুউপ (Whoop) বা গুগলের মতো সংস্থা স্ক্রিনলেস ফিটনেস ট্র্যাকার বাজারে আনলেও, সেগুলির আকাশছোঁয়া দাম মধ্যবিত্তের হাতের বাইরে। সেই সমস্যা সমাধান করতেই এবার সাশ্রয়ী দামে দুর্দান্ত এক স্ক্রিনলেস ফিটনেস ব্যান্ড লঞ্চ করল নয়েজ (Noise)। নতুন এই ডিভাইসের নাম Noise Rep।
দাম ও লঞ্চ অফার:
Noise Rep-এর লঞ্চ প্রাইস রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। তবে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হচ্ছে দুর্দান্ত লঞ্চ অফার। এই অফারের আওতায় ক্রেতারা মোট ৩,০০০ টাকা ছাড় পাবেন—যার মধ্যে ২,০০০ টাকা সরাসরি ফ্ল্যাট ডিসকাউন্ট এবং HDFC ব্যাংকের কার্ড থাকলে মিলবে অতিরিক্ত ১,০০০ টাকার সুবিধা। বর্তমানে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট Gonoise-এর মাধ্যমে ৯৯৯ টাকা টোকেন মূল্যে এর প্রি-বুকিং শুরু হয়েছে।
কী কী সুবিধা মিলবে এই ট্র্যাকারটিতে?
নয়েজের দাবি, এটি ব্যবহারকারীর শরীরের প্রায় ১৫টি গুরুত্বপূর্ণ ইনডেক্স ট্র্যাক করতে সক্ষম। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
স্লিপ ট্র্যাকিং ও অল-ডে স্ট্রেস মনিটরিং।
এনার্জি এক্সপেন্ডিচার ও স্ট্যামিনা ইনডেক্স।
স্পো-টু (SpO2), রেসপিরেটরি রেট ও স্কিন টেম্পারেচার ভ্যারিয়েন্স।
ডিজাইন ও ব্যাটারি ব্যাকআপ:
মাত্র ২৭ গ্রাম ওজনের এই ডিভাইসে রয়েছে স্টেইনলেস স্টিল বাকেল ফিনিশ, যা দেখতে বেশ প্রিমিয়াম। ডিভাইসটি ওয়াটার রেজিস্ট্যান্ট হওয়ায় সাঁতার কাটা বা স্নান করার সময় এটি খুলে রাখার প্রয়োজন নেই। ব্যাটারির কথা বলতে গেলে, একবার চার্জে এটি টানা ১০ দিন পর্যন্ত চলতে সক্ষম। চার্জিংয়ের জন্য থাকছে ম্যাগনেটিক USB কেবল। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ৯.০ এবং iOS ১১.০ বা তার ওপরের যেকোনো ওএস (OS)-এ অনায়াসে চলবে।
যদিও কোম্পানি এখনো পণ্যটি ডেলিভারি শুরুর সঠিক তারিখ জানায়নি, তবে সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম ফিচারের এই ট্র্যাকারটি বাজারে আসার আগেই ফিটনেস সচেতনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।