রাশিয়া থেকে আমেরিকা, কলকাতার রাজপথে আন্তর্জাতিক সম্প্রীতির বার্তা! আজ থেকে শুরু জগন্নাথ দেবের রথযাত্রা

আষাঢ়ের মাহেন্দ্রক্ষণে বৃহস্পতিবার শুরু হচ্ছে ইসকনের ৫৫তম কলকাতা রথযাত্রা। আলবার্ট রোড থেকে আনুষ্ঠানিকভাবে এই রথযাত্রার সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রথা মেনে আরতি এবং ঐতিহ্যবাহী ‘ছেরা পাহাড়া’ বা রথের পথ ঝাঁট দেওয়ার আচার পালন করবেন। এরপর জগন্নাথদেবের রথের পবিত্র রশিতে টান দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবেন তিনি।
রথের রুট ম্যাপ
আলবার্ট রোড থেকে শুরু হয়ে তিনটি রথ হাঙ্গারফোর্ড স্ট্রিট, এ জে সি বোস রোড, শরৎ বোস রোড, হাজরা রোড এবং এক্সাইড মোড় পেরিয়ে জওহরলাল নেহরু রোড হয়ে আউটরাম রোডের মাধ্যমে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পৌঁছাবে। আগামী সাত দিন রথ সেখানেই অবস্থান করবে।
নিরাপত্তা ও প্রযুক্তির বিশেষ নজর
গত বছরের রথযাত্রায় যান্ত্রিক ত্রুটির অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার রথের স্টিয়ারিং, চাকা এবং বেয়ারিংয়ের বিশেষ রক্ষণাবেক্ষণ করা হয়েছে। আগেভাগেই সম্পন্ন হয়েছে সমস্ত প্রযুক্তিগত পরীক্ষা। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তৈরি করা হয়েছে ওড়িশার গুন্ডিচা মন্দির ও তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দিরের স্থাপত্য শৈলীতে তৈরি এক বিশেষ প্যান্ডেল।
আন্তর্জাতিক সম্প্রীতি ও ভোগের আয়োজন
এ বছর জগন্নাথ দেবকে ৫৬ প্রকার ভোগের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের ঐতিহ্যবাহী লাড্ডু, পানকম এবং দই-ভাতের মতো বিশেষ প্রসাদ নিবেদন করা হবে। ইসকনের আইন ও যোগাযোগ বিভাগের ডিরেক্টর অনন্ত ভগবান দাস জানিয়েছেন, রাশিয়া, ইউক্রেন, আমেরিকা সহ ডজনেরও বেশি দেশের ভক্তরা এই উৎসবে সামিল হচ্ছেন, যা বিশ্বমৈত্রী ও আন্তর্জাতিক সম্প্রীতির এক অনন্য বার্তা বহন করে।
দিঘায় রথযাত্রা
কলকাতার পাশাপাশি দিঘার শ্রীশ্রী জগন্নাথ মন্দিরেও সাজ সাজ রব। সেখানে বিকেল ৩টেয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংসদ শিশির অধিকারী। বিকেল সাড়ে ৩টে থেকে শুরু হবে দিঘার জাঁকজমকপূর্ণ রথযাত্রা।
বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভক্তদের উৎসাহে আজ কোনো ঘাটতি নেই। আষাঢ়ের এই পুণ্য দিনে রথের রশি ছুঁয়ে মহাপ্রভুর আশীর্বাদ নিতে প্রস্তুত আপামর বাঙালি।